ড্র-ই হলো চারদিনের ম্যাচ
বড় সংগ্রহের ইঙ্গিত দিয়ে প্রথম দিন শেষ করা জিম্বাবুয়ে ‘এ’ দল পরের দিন সকালেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল।
১৭ রানে সেদিন শেষ ৬ উইকেট হারানো দলটা আরেকবার তেমন কিছু করলেই কেবল বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তাদের চারদিনের ম্যাচটায় ফল হতে পারত। কিন্তু এবার আর তা হয়নি। ২ উইকেটে ১০৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা জিম্বাবুইয়ানরা দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৯৫ রান তুলে পুরো দিন পার করে দেয়ায় চারদিনের ম্যাচটা ড্র হয়েছে।
জাস্টিস চিবাবা ৭০ রান করে আউট হয়ে গেলেও শন উইলিয়ামস অপরাজিত ছিলেন ৮৫ রানে। আর তার সঙ্গী এলটন চিগুম্বুরাও ৩২ রানে অপরাজিত ছিলেন। এর আগে চিবাবা আর উইলিয়ামস মিলে তৃতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন। ম্যাচে বাংলাদেশের একমাত্র ইনিংসটা ছিল ৩৮০ রানের। আর জিম্বাবুয়ে ‘এ’ প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান।
