২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার থেকে শুরু টুয়েন্টি টুয়েন্টি, আবাহনী ও মোহামেডান একই গ্রুপে

২০ ডিসেম্বর থেকে টুয়েন্টি-টুয়েন্টি দিয়ে ঢাকার প্রিমিয়ার ক্রিকেট শুরু এবং ১০ জানুয়ারি একদিনের ম্যাচের প্রতিযোগীতা শুরুর তারিখ আগেই ঠিক করা ছিল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তবে সোমবার বিকেলে ঢাকার ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) যে বৈঠকটা হলো, তাতে একদিনের ম্যাচ আরো এগিয়ে আনার প্রস্তাবও রাখা হয়েছিল। প্রস্তাবটি এসেছিল সিসিডিএমের চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিনের কাছ থেকে। এমন প্রস্তাবের পেছনের কারণ জানাতে গিয়ে তিনি বলেছেন,“জাতীয় দলের ক্রিকেটারদের যাতে ক্লাবগুলো একদিনের ম্যাচে আরো বেশি পায়, সেজন্যই প্রস্তাবটা দিয়েছিলাম। কিন্তু তারা তো রাজী হলো না।”

ক্লাবগুলো রাজি না হওয়ায় ১০ জানুয়ারিতেই শুরু হবে প্রিমিয়ার ক্রিকেটের একদিনের প্রতিযোগীতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়ে রেখেছে, ৩১ জানুয়ারি পর্যন্ত প্রিমিয়ার ক্রিকেটে খেলতে পারবেন হাবিবুল বাশাররা। কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জিম্বাবুয়ে সফর অনেকটাই নিশ্চিত বলে ধরে নেয়া যায়, জাতীয় ক্রিকেটারদের প্রিমিয়ারে খেলার সময় কমছে আরো। এজন্যই একদিনের ম্যাচের প্রতিযোগীতা এগিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান।

এগিয়ে আনা সম্ভবও ছিল। কেননা বুধবার থেকে শুরু হতে যাওয়া টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে ২৯ ডিসেম্বর। সোমবারের বৈঠকে এর গ্রুপিং এবং ফিকশ্চারও চূড়ান্ত হয়েছে। প্রতিদিন ছয়টি করে খেলা হবে। খেলাগুলো হবে পাঁচটি ভেন্যুতে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম, ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির এক ও দুই নাম্বার মাঠের সঙ্গে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষিক্ত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামও থাকছে। ‘এ’ গ্রুপে প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসের সঙ্গী ভিক্টোরিয়া, বিমান, সিটি ক্লাব, কলাবাগান এবং পারটেক্স। অন্য গ্রুপে আছে রানার্স আপ সোনারগাঁ ক্রিকেটার্স, মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, আবাহনী, ইন্দিরা রোড এবং ইয়াং পেগাসাস।