২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃপ্ত তিন বিজয়ীর কথা

শ্যামলী কলেজ গেটে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জরাজীর্ন আবাসস্থল টেলিভিশন খবরে উঠে এসেছিল। তাদের পরিপাটি আবাস গড়ে দেয়ার উদ্যোগ নেয় একটা বেসরকারী সংস্থা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 09:55 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

টেলিভিশনে সেই খবর দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাবিবুল বাশার। সতীর্থদের একজোট করে নিজেদের পকেট থেকে লাখ পাঁচেক টাকা তুলে দিয়ে আসেন ওই বেসরকারী সংস্থার হাতে। বাংলাদেশ অধিনায়ক সেটাকে মুক্তিযোদ্ধাদের ঋন শোধের অতি সামান্য এক চেষ্টা হিসেবেই দেখেছেন। এখন সেখানে একটা বিল্ডিং ওঠার পথে। রোববার স্কটল্যান্ডকে শেষ ম্যাচেও হারিয়ে দারুণভাবে বছরটা শেষ করার পরও তাদের কথা বলতে শোনা গেল হাবিবুলকে,“আমরা এত এত টেস্ট আর ওয়ানডে খেলে ফেললাম। কিন্তু ভেবে দেখুন, মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ না করলে আমরা এই দেশটাই পেতাম না। বাংলাদেশ ক্রিকেট দলও তাহলে হতো না। আর আমরাও দেশের প্রতিনিধিত্ব করতে পারতাম না।” বিজয় দিবসের পরদিন হাবিবুলের কথাগুলো মিলেমিশে একাকার হয়ে গেল ক্রিকেট দলের সাফল্যের সঙ্গে।

ওয়ানডে সাফল্যে এবছর অস্ট্রেলিয়ার পরেই জায়গা করে নেয়ার প্রসঙ্গ তোলায় মুঠোবন্দী ডান হাতের বুড়ো আঙ্গুল উঁচিয়ে আনন্দ প্রকাশ করলেন হাবিবুল,“ কথায় আছে না, সব ভালো তার শেষ ভালো যার। আমাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি দারুন খুশী।”

এবছর ২৮ ম্যাচের ১৮ জয়ে একই অনুভূতি ছুঁয়ে যাচ্ছে কোচ ডেভ হোয়াটমোরকেও, “ খুব ভালো লাগছে। আমরা যে ভালো ক্রিকেট খেলছি, এতে তার প্রতিফলন আছে বলেই মনে হয় আমার। যদিও বেশিরভাগ সময়ই প্রতিপক্ষ হিসেবে আমরা জিম্বাবুয়েকেই পেয়ে এসেছি। কিন্তু কোনো দলের সঙ্গেই আমরা গা-ছাড়া দিতে পারি না। প্রতিপক্ষকে যথেষ্ট শ্রদ্ধা করেই খেলতে নামি। এবং যতটা সম্ভব তাদের ওপর চড়াও হই। এজন্যই আমরা বড় জয় পাই। যেমন আজ স্কটল্যান্ডের বিপক্ষে পেলাম। ২০০৬ সালটা আমরা দারুণভাবেই শেষ করলাম।”

এবছরের পারফরম্যান্স থেকে অনেক কিছুই বিশ্বকে জানানোর আছে বলে মনে করছেন হোয়াটমোর,“ হ্যাঁ, দারুণ কিছু ব্যক্তিগত পারফরম্যান্স এবছর দেখেছি আমরা। মাশরাফির এবছর সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট পাওয়ার ব্যাপারটাতো অসাধারণ। দারুন পরিসংখ্যান। সারা বিশ্বকে এ সম্পর্কে বলা উচিত আমাদের। অল্প সময়ের ক্যারিয়ারে নাফীস দেখিয়েছে একের পর এক সেঞ্চুরি করার সামর্থ্য। এ বছর ওর এক হাজার রান, অসাধারণ অর্জন এটাও। ওর পারফরম্যান্স এটাও বোঝাচ্ছে যে, এ মানেই সবার পৌছানোর চেষ্টা করা উচিত।”

৪৯ উইকেট নিয়ে এ মৌসুমে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট শিকারি হওয়া মাশরাফি অবশ্য ‘৫০’ হলো না বলে নিজের আক্ষেপ লুকাননি,“৫০ উইকেট হওয়ার খুব ভালো সুযোগ ছিল। হয়নি বলে কিছুটা আফসোস তো হচ্ছেই।” এবছর ফতুল্লায় অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে বোল্ড করাকেই ৪৯টির মধ্যে সেরা উইকেট মনে করছেন মাশরাফি। একসময় ইনজুরি ভীতিতে বেশ ভুগতেন। জানালেন এখনো মাঝে মাঝে ব্যথা অনুভব করলে সেই ভয়টা জাগে। তবে সেই ভয়কে জয় করার পাশাপাশি ভালো পারফর্ম করার ক্ষেত্রে সতীর্থদের অনুপ্রেরণা জোগানোর কথা বলতে ভোলেননি বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলার,“টিমমেটরা খুব সাহায্য করে আমাকে। যেমন জিম্বাবুয়েতে আমার এক ওভারে ১৮ রান তুলে টেলর জিম্বাবুয়েকে ম্যাচ জিতিয়েছিল। এরপর খুব ভেঙ্গে পড়েছিলাম আমি। তখন টিমমেটরা আমাকে এসে বললো, ‘তুই আরো ১০০ ওভার বল করলে টেলর একবারও ওভারে ১৮ রান তুলতে পারবে না।’ এছাড়া রাজ (রাজ্জাক), রাসেল ও আফতাব-এরা আমাকে ইনজুরির ভয়ের মাঝে অভয় দেয়।”