সব হিসেব বদলে দিচ্ছে ভারত
বোলারদের দাপটে দক্ষিন আফ্রিকাকে মাত্র ২৫.১ ওভারে ৮৪ রানেই গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৬ রান করেছে ভারত। দ্বিতীয় দিন শেষ। সব হিসেব বদলে দিয়ে তৃতীয় দিনের সকাল ভারতকে জয়ের দিকেই নিয়ে যাবেনা তো!
হিসেব এমনিতেই অনেকটা বদলে গেছে। ওয়ানডে সিরিজে যা পারফরম্যান্স ছিল তাতে টেস্ট সিরিজ শুরুর সঙ্গে সঙ্গে ভারতীয় ব্যাটসম্যানরা অভাবনীয় কিছু করে দেখাবেন, এ আশা কেউই সম্ভবত করেননি। আর ব্যাটসম্যানরা ব্যর্থ হলে দেশের বাইরে বোলাররা ভারতকে ম্যাচ জেতাবেন, এমন কথা স্বপ্নেও কি কেউ কখনো ভেবেছে? সেটাই ভাবিয়ে ছাড়লেন শ্রীশান্ত, জহীর , কুম্বলেরা। নইলে প্রথম ইনিংসে এমন আহামরি কী করেছেন টেন্ডুলকার, দ্রাবিড়েরা যে তাদের গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে বোলাররা স্বপ্নের বীজ বুনবেন?
অনেকদিন পর সুযোগ পেয়ে প্রথম ইনিংসে খারাপ করেননি সৌরভ গাঙ্গুলী। ব্যাটে-বলে হচ্ছিল ভালোই। তারপরও ভারতের প্রথম ইনিংসটা খুব বড় হয়নি। মাত্র ২৪৯ রানেই শেষ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে যান সৌরভ।
অবশ্য ওই ২৪৯ রানই পাহাড় হয়ে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার সামনে। শ্রীশান্ত ৪০ রানে ৫ টি, জহির খান ৩২ রানে ও কুম্বলে মাত্র ২ রানে দুটি আর ভিআরভি সিং ৮ রানে ১ উইকেট নিয়ে অল্পতেই থামিয়ে দেন গ্রায়েম স্মিথের দলকে।
প্রথম ইনিংসে ১৬৫ রানে এগিয়ে থাকাটা বড় সুবিধা। এর সঙ্গে যোগ হয়েছে আরো ১৪৬ রান। অনেকটাই নির্ভার হয়তো ভারতীয় শিবির। অন্যদিকে শঙ্কা বাড়ছে গ্রায়েম স্মিথদের মনে। এ ইনিংসে সর্বোচ্চ ৪২ রান করে অপরাজিত আছেন ভিভিএস লক্ষন। এর বাইরে শেবাগ (৩৩), সৌরভ (২৫) , টেন্ডুলকারও (১৬) কম-বেশি অবদান রেখেছেন দলকে ভালো একটা অবস্থানের দিকে নিয়ে যেতে। ধোনিও (১৭*) ব্যাট করছেন ধোনির মতো। দ্বিতীয় দিনে হিসেব উল্টে দেওয়ার দিকে সব মিলিয়ে ভালোই এগিয়েছে ভারত।
