শূন্য দিয়ে শুরু, হাজার ছাড়িয়ে শেষ
মন খারাপ করা সকাল সব সময় একই রকম বিকেলের নিশ্চয়তা নয়। এরকম একটা প্রবাদও আছে। সেটাকে ঠিক প্রমান করার ঘটনাও ঘটে। যেমন ঘটালেন শাহরিয়ার নাফীস। তিনি অন্তত সকালের মেঘের আড়ালে সূর্য্যরে হাসিটা ঠিকই দেখেছিলেন।
তাই দিনের শুরুতে পথ হারানোর ইঙ্গিত থাকলেও দিনের শেষে এই ওপেনার সেই পথে, যে পথের পথিক বাংলাদেশ ক্রিকেটের আর কেউ তেমন করে হতে পারেননি। আবার সেই পথে হেঁটে আসতে চান বিশ্বের যে কোনো ব্যাটসম্যান।
২০০৬ মৌসুমটা নাফীসের জন্য এমনই প্রতীকী হয়ে থাকবে আজীবন। গত ফেব্রুয়ারিতে বগুড়াতে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এবছর তার ওয়ানডের খাতা খুলতে চেয়েও পারেননি। পারবেন কিভাবে? ম্যাচটাতে শূন্যতেই আউট হয়েছিলেন তিনি। অথচ এ মৌসুমে আরেকটা ম্যাচ বাকি থাকতেই নাফীসের রান হাজার ছাড়িয়ে গেছে। ২৭ ম্যাচে ১০০৯ রান করা নাফীস এ মৌসুমে ‘ওয়ান থাউজেন্ড ক্লাব’-এর পঞ্চম সদস্য।
শূন্য দিয়ে শুুরু করার কথা তার মনে ছিল না বলেই দাবি করলেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এসে, “বছরের প্রথম ম্যাচে কোনো রান না করে আউট হওয়ার কথা মনে ছিল না। এখন মনে পড়ল।” তবে এখানেই থেমে থাকতে না চাওয়া নাফীস চোখ ফেলতে শুরু করেছেন আগামীর দিকেও, “এখন আমার লক্ষ্য হচেছ যেভাবে এ মৌসুম শেষ করতে যাচ্ছি, সেভাবেই, কিংবা তার চেয়েও ভালোভাবে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়া।”
আর এক মৌসুমে প্রথম বাংলাদেশী হিসেবে এক হাজারি ক্লাবের সদস্য হওয়ার ব্যাপারটা তিনি দেখছেন এভাবে, “এর আগে পত্রিকায় অন্য দেশের ব্যাটসম্যানদের এমন কীর্তির কথা পড়তাম। এই কিছুদিন আগে যেমন মোহাম্মদ ইউসুফকে নিয়ে খুব হইচই হলো। টেস্টে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করলেন তিনি। আমার মাথাতেও এ মৌসুমে ওয়ানডেতে এক হাজার রানের কথা ঘুরছিল বেশ কিছুদিন ধরে। শেষ পর্যন্ত সেটা করতে পারলাম। প্রথম বাংলাদেশী হিসেবে তা করতে পেরেছি। ভাবতেই অন্যরকম ভালোলাগাতে মনটা আচ্ছন্ন হয়ে যাচ্ছে।”
মন বিষন্নও হচ্ছে মৌসুমে খুব বেশি টেস্ট খেলা হলো না বলে। স্বীকার করছেন ব্যাট হাতে ভালো সময়টা টেস্ট ক্রিকেটেও টেনে নেওয়া গেলে অর্জনটা পেত আরো বেশি পূর্ণতা। কিন্তু এ বছর বাংলাদেশ টেস্টই খেলেছে মাত্র চারটা। আগামী বছরের মে মাসের আগে কোনো টেস্ট নেই বাংলাদেশের। নাফীসের কন্ঠে এটা নিয়ে দুঃখ না ঝরার কোনো কারণ ছিল না,“একজন ক্রিকেটারের পারফর্ম করার সেরা জায়গা হচ্ছে টেস্ট ক্রিকেট। অথচ এবছর আমরা টেস্ট খেলারই সুযোগ পেলাম না খুব একটা। এটা দুখজনক।”
তার এক হাজার রানের বেশির ভাগই এসেছে জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো দলের বিপক্ষে। তাই বলে তার অর্জনকে ছোট করে দেখানোর কিছু আছে বলে মনে করছেন না নাফীস, “এটা ঠিক যে আমরা এবছর কেনিয়া ও জিম্বাবুয়ের সঙ্গেই বেশি ম্যাচ খেলেছি। কিন্তু সেগুলো আমাদের জন্য মোটেও সহজ ম্যাচ ছিল না । ওগুলো ছিল প্রেশার ম্যাচ। তাদের সঙ্গে জিততে জিততে আমরা জেতার অভ্যাস গড়ে তুলেছি। এখন আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী। বড় দলের সঙ্গে খেললেও এখন আমরা ভালো করব। আরেকটা কথা, জিম্বাবুয়েই হোক কিংবা অস্ট্রেলিয়া, আন্তর্জাতিক ম্যাচে সব দলই জেতার জন্য নামে। তাই কারো বিপক্ষেই রান করা সহজ নয়। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্যও বছরটা ভালো গেল।”
এখানে নাফীস আর বাংলাদেশ দল একাকার!
