২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ক্রিকেটারদের রেকর্ড গড়ার এক ম্যাচ

ম্যাচ রেফারি মাইক প্রক্টরকে দেওয়া হয়েছিল ম্যান অফ দি ম্যাচ বেছে নেওয়ার দায়িত্ব। ১৫৩ রান তাড়া করে ২০.৫ ওভার বাকি থাকতেই বাংলাদেশের ৬ উইকেটের অনায়াস জয়ের পথ সুগম করা আফতাব আহমেদকে ওই পুরস্কারটা নিতে দেখার কল্পিত ছবিটা অবশ্য বাস্তব হতে দিলেন না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার।

ক্রীড়া প্রতিবেদক

মাসুদ পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

চোখধাঁধানো সব শটে মাত্র ৫০ বলে ৬৬ রান করা আফতাবকে নয়, হাবিবুল বাশারদের টানা সপ্তম ওয়ানডে জয়ে সাকিব আল হাসানের বোলিং (১০-৪-১৩-১) আর ব্যাটিংয়ে ২০ রানের অবদানকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো তার কাছে। পুরস্কার নিয়ে এসে নিজের বিস্ময় লুকাতে পারলেন না এই বাহাতি স্পিনারও, “হ্যাঁ, ম্যান অফ দি ম্যাচ হয়ে কিছূটা অবাক তো হয়েছিই।”

পরিসংখ্যানের দিকে খুব একটা খেয়াল নেই মোহাম্মদ রফিকের। না হলে গোড়ালির চোটের কারণে শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ না খেলা দেশসেরা বাঁ-হাতি স্পিনার নিজের আরেক উত্তরসূরীকে অভিনন্দন জানাতেই পারতেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে ঠিক আগের ম্যাচটাতে ( প্রতিপক্ষ অস্ট্রেলিয়া) দেশসেরা ইকোনমি বোলিং করা রফিককে ( ১০-১-১৪-০ ) ছাড়িয়ে তার জায়গায় এখন সাকিব। অবশ্য এই রেকর্ডটা বাংলাদেশের হয়ে কোনো ওয়ানডেতে পুরো ১০ ওভার বোলিং করা বোলারদের। বাংলাদেশ অধিনায়ক তো এমনটাই চেয়েছিলেন।

কী চেয়েছিলেন? স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজটাকে তার সৈনিকরা ব্যক্তিগত অর্জনের খাতা ভারি করার সুযোগ হিসেবে কাজে লাগাক। তবে সাকিবেরটা নয়, অর্জনের ক্ষেত্রে বেশি দৃষ্টিগ্রাহ্য শাহরিয়ার নাফীস এবং মাশরাফি বিন মর্তুজারটিই। ওগুলো যে এতদিন বিশ্বসেরা ক্রিকেটারদেরই করে আসতে দেখেছেন এদেশের মানুষ। “ঘরের ছেলেরাও পারে”-এই বিশ্বাসের পাদদেশে দাঁড়ানোর স্বাক্ষীও হয়ে থাকলো স্কটল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ।

প্রথমে মাশরাফি। ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার নাথান ব্র্যাকেনকে টপকে হলেন এবছরের সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলার। ৪৭ উইকেট হয়ে যাওয়ায় এখন ওয়ানডেতে এক মৌসুমে ৫০ উইকেটের হাতছানিও তার সামনে। পরে সনাৎ জয়াসুরিয়া, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও ক্রিস গেইলের পর এবছর এক হাজার রান করা পঞ্চম ব্যাটসম্যান হয়েছেন নাফীস।

ওই মাইলফলকে পৌঁছাতে হাবিবুলের ডেপুটির দরকার ছিল ২৭ রানের। স্কটিশ অধিনায়ক ক্রেইগ রাইটের বলে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মেরে সেখানে পৌঁছানোটা উদযাপন করলেন মাঝ উইকেটে আফতাবের সঙ্গে কোলাকুলি করে।

ততক্ষণে আফতাবের ধুমধাড়াক্কায় একশো পার করে নিশ্চিন্ত হয়ে বসে আছে বাংলাদেশ শিবির। রস লিওন্সের পরপর দুই বলে দুটো স্ট্রেট ছক্কা মারা আফতাব একই বোলারকে উইকেট ছেড়ে মারতে গিয়ে ক্যারিয়ারের দশম ফিফটিকে আরও বড়ো করতে পারলেন না।

তবে নিজের অন্যরকম আনন্দের দিনে আফতাবের ব্যাটিংয়ে মুগ্ধ নাফীসও, “ও খুবই ভালো ব্যাটিং করছিল। তাই আমি ওকে বেশি বেশি স্ট্রাইক দেয়ার চেষ্টা করেছি।” কিন্তু তিনি নিজে আটকে থাকলেন জিম্বাবুয়ে সিরিজের শেষ তিন ম্যাচের মতো ত্রিশেই (৩৬)। তবে অর্জনের আনন্দে ভাসার দিনে সেসব কে মনে রাখে!

ম্যান অফ দি ম্যাচের পুরস্কার নিয়ে এসে শাহাদাত হোসেনের অবদানের কথা কিছুতেই ভুলতে দিলেন না সাকিব,“রাজীব (শাহাদাত হোসেন) যেমন শুরু দরকার ছিল তা-ই দিয়েছে আমাদের। বোলিংয়ে তাই ওর অবদানও কম নয়।”

৩৮ রানে ৩ উইকেট তুলে নেওয়া শাহাদাতের পাশে মাশরাফির আগ্রাসনেও স্কটিশ শিবিরে ভয়ের শিরশিরে অনুভূতি ছড়িয়ে থাকবে হয়তোবা।

মাশরাফির বাউন্সারে যে উইকেটে রক্তারক্তিও হয়ে গেল। ওয়ান ডাউন ব্যাটসম্যান রায়ান ওয়াটসনের হেলমেটের গ্রিলের ওপরের ফাঁক গলে ডান চোখের ঠিক ওপরে আঘাত হানে বল। উইকেটে লুটিয়ে পড়ার আগে ব্যাট স্টাম্পে লাগায় হিট উইকেট হওয়াটা তিনি পরে বুঝেছেন হয়তো!

এর পর প্রতিপক্ষ ওপেনার ফ্রেজার ওয়াটসনকে আফতাবের ক্যাচ বানিয়ে মাশরাফি পৌঁছান এবছরের শীর্ষস্থানে।

এই ম্যাচটাকে তাই বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জনের ম্যাচ হিসেবে দেখলেই ভালো!