বোলারদের দিনে সাঙ্গাকারাই ব্যতিক্রম
ক্রাইস্টচার্চের মতো ওয়েলিংটনের উইকেটেরও একই অবস্থা। তাই শ্রীলংকা-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টও শুরু হয়েছে বোলারদের দাপট দিয়ে।
তবে ব্যতিক্রম শুধু কুমারা সাঙ্গাকারা। শ্রীলংকার এই উইকেটকিপার-ব্যাটসম্যান গত টেস্টের মতো এবারও ব্যাট হাতে দারুণ সফল। ক্রাইস্টচার্চের দ্বিতীয় ইনিংসের পর আবার পেয়েছেন সেঞ্চুরি। তার টানা দ্বিতীয় সেঞ্চুরির সুবাদে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলংকা অলআউট হয়েছে ২৬৮ রান করে। জবাবে স্বাগতিক হওয়ার সুবিধা একটুও বোঝাতে পারেনি নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে তাদের স্কোর ৪ উইকেটে ৬৬।
মনে হতে পারে প্রথম দিন শেষে শ্রীলংকাই বুঝি অনেকটা এগিয়ে। মনে হলেও কথাটা অত জোর দিয়ে কিন্তু বলা যাবে না। শুক্রবার দিনের শুরুতে শ্রীলংকার ইনিংসের চেহারাও বিশেষ সুবিধের ছিল না। ৮১ রান তুলতে গিয়েই ৪ উইকেট হারিয়ে ফেলাকে কি আপনি ভালো অবস্থা বলবেন?
উপুল থারাঙ্গা (৭), সনাৎ জয়াসুরিয়া (০), মাহেলা জয়াবর্ধনে (০) ও চামারা কাপুগেদেরাদের ব্যর্থতার পরও সফরকারীরা যে আড়াইশ’ পেরোতে পেরেছে তার বেশির ভাগ কৃতিত্ব সাঙ্গাকারার। ক্রাইস্টচার্চের পর প্রথম সুযোগেই আবার তার ব্যাট দিয়েছে অপরাজিত সেঞ্চুরি (১৫৬*) উপহার। তার সঙ্গে ১২১ রানের জুটি গড়া চামারা সিলভার অবদানকেও খুব খাটো করে দেখার উপায় নেই। দলের প্রয়োজনের সময় ৬১ রানের খুব ভালো একটা ইনিংস খেলেছেন তিনি। শ্রীলংকা শেষদিকে প্রসন্ন জয়াবর্ধনের (২৫) কাছ থেকেও পেয়েছে বলার মতো সহায়তা। এ সহায়তাটুকু না পেলে ক্রিস মার্টিন (৩/৫০), ড্যানিয়েল ভেট্টোরি (৩/৫৩), শেন বন্ডের (২/৮৫) বোলিং নিউজিল্যান্ডকে যে সত্যিই খানিকটা হাসিমুখে দিন শেষ করার সুযোগ করে দিত তাতে সন্দেহ নেই।
লাসিথ মালিঙ্গা (৩/৩৭) আর ফারবিজ মাহরুফও (১/০) ওয়েলিংটনের উইকেটে হুল ফোটাতে শুরু না করলে স্টিভেন ফ্লেমিং অবশ্য তারপরও খুশি থাকতে পারতেন । ওরা দুজনই তো ক্রেইগ হোয়াইট (১৩), জ্যামি হাও (২৬), ফ্লেমিং (০) ও নাথান অ্যাস্টলকে (১৩) ফিরিয়ে দিয়ে বেশ বেকায়দায় ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডকে।
www.cricinfo-এর সহায়তায়
