দলবদলের সেই সৌন্দর্য্য আর নেই!
বাংলাদেশে ফুটবলের দলবদলের চিরায়ত সৌন্দর্য কিংবা উত্তেজনা, সবই যেন হঠাৎ করেই হারিয়ে গেছে।
দলবদল মানেই ছিল খেলোয়াড়, ক্লাব ও কর্মকর্তাদের মধ্যে একটা উৎসবের আমেজ। ক্লাবগুলোর তারকাদের ভাগিয়ে নেওয়ার কৌশল, খেলোয়াড়দের আত্মগোপন করে থাকা, বাদ্য-বাজিয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সারতে আসা-এরকম ঘটন-অঘটন ও উৎসবের মধ্য দিয়েই নতুন ফুটবল মৌসুমের আবাহন হতো। সেই চরিত্র বদলে গেছে। বৃহস্পতিবার তাই বাফুফে ভবন থেকে অনেক আলোকচিত্রী ফিরে গেছেন বিমর্ষ হয়ে।
আগের মতো কোনো ফুটবলার এবার আর বাফুফে ভবনে আসবেন না দলবদলের আনুষ্ঠানিকতা সারতে। বাফুফে ক্লাবগুলোতেই পাঠিয়ে দিয়েছে খেলোয়াড়দের ২৩ টি করে রেজিস্ট্রেশন ফরম, সেখানেই সারা হবে যাবতীয় কাজ। ক্লাবগুলো সেই ফরমগুলো পূরণ করে, চুক্তিনামায় খেলোয়াড়দের স্বাক্ষর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে পাঠিয়ে দিলেই কাজ শেষ। অবশ্য শুরুর দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত কোনো ফরমই জামা পড়েনি। অবশ্য এখনো জমা দেওয়ার সময় আছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বাংলাদেশের প্রথম পেশাদার লিগের নাম চূড়ান্ত হয়ে গেছে। জাপানের জে লিগের মতোই এর নাম হবে “বি. লিগ ” (ই.ষবধমঁব)। টাইটেল স্পন্সর চূড়ান্ত হলে তার নামটিও যোগ হয়ে যাবে এর সঙ্গে।
খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের কাজ কেবল শুরু হলেও লিগের ফিকশ্চার চূড়ান্ত হয়ে গেছে, এএফসি-ই নাকি ফিকশ্চারটা করে পাঠিয়েছে। সেখানে ঢাকার আটটি দলকে ডি-১ থেকে ডি-৮ হিসেবেই চিহ্নিত করেছে।
চট্টগ্রামের দুটো দলকে বলা হচ্ছে সি-১ ও সি-২। আর সিলেট-খুলনার দল দুটোকে ও-১, ও-২ হিসেবেই চিহ্নিত করা হবে। তবে এই কোডগুলো চূড়ান্ত করতে দলগুলোর মধ্যে টস করা ছাড়া কোনো উপায় নেই।
এর বাইরে খবর হলো, তিনটি ছাড়া বাকি সব দলই নিজেদের হোম ভেন্যু চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে। চূড়ান্ত না করা দলগুলো হচ্ছে রহমতগঞ্জ, ফরাশগঞ্জ ও ঢাকা মোহামেডান। তবে শোনা যাচ্ছে রহমতগঞ্জ নরসিংদীকে, ফরাশগঞ্জ রাঙ্গামাটিকে এবং ঢাকা মোহামেডান সিলেটকে নিজেদের হোম ভেন্যু করার কথা ভাবছে। ঢাকার বাকি ৫টি দলের হোম ভেন্যূ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আর চট্টগ্রামের আবাহনী ও মোহামেডানের হোম ভেন্যু চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম। খুলনা আবাহনী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা নিজেদের ঘরের মাঠ ছেড়ে বাইরে যাচ্ছে না।
