পার্থে প্রথম দিন পানেসারের
আগের টেস্টে তাকে না নেওয়া যে ভুল হয়েছিল সুযোগ পেয়েই তা প্রমান করে দিয়েছেন মন্টি পানেসার। পার্থ টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়েছেন ইংল্যান্ডের এই স্পিনার। তার সঙ্গে হার্মিসনও সিরিজে প্রথমবারের মতো সাফল্য পাওয়ায় মাত্র ২৪৪ রানে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড দিন শেষ করেছে ২ উইকেটে ৫১ রান করে।
পার্থ টেস্টের প্রথম দিনটি ছিল মন্টি পানেসারের অ্যাশেজ অভিষেকের দিন। বাঁ-হাতি এই স্পিনার অভিষেককে যেভাবে স্মরনীয় করে রেখেছেন তার চেয়ে ভালো কিছু অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত আশা করা কঠিন। নিজের সপ্তম বলে জাস্টিন ল্যাঙ্গারকে (৩৭) বোল্ড করে শুরু, তারপর একে একে নিয়ে নিলেন অ্যান্ড্রু সাইমন্ডস (২৬), অ্যাডাম গিলক্রিস্ট (০), শেন ওয়ার্ন (২৫) ও ব্রেট লি-র (১০) উইকেট। সব মিলিয়ে ৯২ রানে ৫ উইকেট! প্রথম দু টেস্টে তার প্রতি যারা আস্থা রাখেননি তাদের ভুল ধরিয়ে দেওয়ার কি কিছু বাকি আছে?
বৃহস্পতিবার স্টিভ হার্মিসনও সেরে নিয়েছেন শঙ্কিতদের ভুল প্রমান করার কাজ। আগের দু টেস্টে মাত্র একটি উইকেট পাওয়ায় তার জায়গায় কেন সাজিদ মাহমুদকে না নেওয়ার ফল ভালো হবে না এমন একটা শঙ্কা জেগেছিল অনেকের মনে। এ টেস্টে সাজিদ খেলছেন ঠিকই, তবে তার জন্য জায়গা ছাড়তে হয়েছে জেমস অ্যান্ডারসনকে। সুযোগ পেয়েও সাজিদ অবশ্য এ ইনিংসে কোনো উইকেট পাননি। হার্মিসন পেয়েছেন চারটি উইকেট।
অস্ট্রেলিয়ার সর্বনাশের শুরুটা করেছিলেন অ্যাডিলেডে ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখানো ম্যাথু হগার্ড। তার বলে ম্যাথু হেইডেন (২৪) কট বিহাইন্ড হওয়ায় প্রথম উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। তারপর পন্টিংকে (২) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ছন্দে ফেরেন হার্মিসন। পরে মাইকেল ক্লার্ক (৩৭), স্টুয়ার্ট ক্লার্ক (৩) আর গ্লেন ম্যাকগ্রাও (১) হয়েছেন তার শিকার। বেশ কয়েকজন ব্যাটসম্যান বড় ইনিংসের আশা জাগিয়েও ব্যর্থ হওয়ায় ভেস্তে গেছে মাইক হাসির আরেকটি সেঞ্চুরির প্রয়াস। এর আগে এ সিরিজে টানা চার ইনিংসে ফিফটি করা হাসি এবার অপরাজিত থাকলেন ৭৪ রান করে।
শেষ বিকেলে রানের ঝড় তোলার চেষ্টা করেছিলেন ইংলিশ ওপেনাররা। একটি করে উইকেট নিয়ে তাদের থামিয়েছেন গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি।
