২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটিশদের বার্তা পৌঁছে দিল একাডেমির তরুণরা

বেশ কিছুক্ষণ ধরে বিসিবি একাডেমি দলের ব্যাটিং দেখেছেন হাবিবুল বাশার। টসে জিতে আগে ব্যাট করা দলটা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫২ রান তুলে লাঞ্চে যাওয়ার পর সন্তুষ্টির আর সীমা রইলো না বাংলাদেশ অধিনায়কের, “একাডেমির ছেলেরা দারুণ ব্যাট করল আজ।”

ক্রীড়া প্রতিবেদক

মাসুদ পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তবে সবার দারুণ ব্যাটিংয়ের মাঝেও আলাদা করে নিশ্চয়ই হাবিবুলের নজরে পড়েছেন ওপেনার তামিম ইকবাল ও স্কটল্যান্ড সিরিজেই আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা নাদিফ চৌধুরী। বাংলাদেশ সফরটা কেমন যেতে পারে, স্কটিশদের তার একটা উত্তর প্রথমে তারাই হয়তো পাঠালেন। প্রথমজন ৯ বাউন্ডারি ও চার ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে থামলেন। এরমধ্যেই জাতীয় দলে জায়গা করে নেওয়া নাদীফ করলেন ৬৮ রান। পরের বার্তাটা বোলারদের দেওয়া। ২৫২ রান তাড়া করতে নামা স্কটল্যান্ডকে ১৬ বল বাকি থাকতেই ২১৯ রানে আটকে দেওয়ায় সবচেয়ে বড় ভূমিকা বাঁ-হাতি স্পিনার মোশারফ হোসেন রুবেলের। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩৩ রানের জয়ে ইশরাক সনেট (২/২১), ডলার মাহমুদ (২/৩৭) ও সিরাজুল্লাহ খাদেমের (২/৪০) অবদানও কম নয়।

বিসিবি একাডেমি ৫০ ওভারে ২৫২/৬ ( সাদাত ৩০, তামিম ১০৫, নাদিফ ৬৮, মার্শাল ১৯, সোহরাওয়ার্দী ১০*, মাজিদ ৩/৩৫, রাইট ২/২১ )

স্কটল্যান্ড ৪৭.২ ওভারে ২১৯/১০ (পুনিয়া ৬৩, ব্রাউন ৪৭, ম্যাককালাম ৫৭, ডলার ২/৩৭, সনেট ২/২১, রুবেল ৪/৩২, খাদেম ২/৪০)