আমেজ নেই, তবু প্রতিদ্বন্দ্বিতার আবেশ ছড়ানোর চেষ্টা
জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ শুরুর আগে তবু অনেকে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখেছিলেন। কিন্তু স্কটল্যান্ড সিরিজ শুরুর আগে? না, স্কটিশরা ছাড়া তেমন সম্ভাবনার কথা বলার মতো লোক খুঁজেই পাওয়া যাচ্ছে না।
বৃহষ্পতিবার প্রথম ওয়ানডের আগে বিসিবি একাডেমি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ড ৩৩ রানে হারার পর তেমন লোক খুঁজতে যাওয়াটাও হতো বোকামি। এবার চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট তাই একেবারেই নিরুত্তাপ। প্রতিদ্বন্দ্বিতার আমেজ নেই বলেই হয়তো কোনো টিভি চ্যানেল দেখাচ্ছে না বাংলাদেশ-স্কটল্যান্ড প্রথম ম্যাচ।
আমেজ না থাকলেও ম্যাচে প্রতিদ্ব্িদ্বতার আবেশ ছড়ানোর চেষ্টার খোঁজ ঠিকই পাওয়া গেল। খোঁজটা দিলেন স্কটিশ অধিনায়ক ক্রেইগ রাইট। বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের বিরতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে এলেন তিনি। প্রশ্নোত্তর পর্বে এক টিভি সাংবাদিক জিজ্ঞেস করে বসলেন, “টসে জিতলে কাল
( শুক্রবার ) কী সিদ্ধান্ত নেবেন?” হাসতে হাসতে দেওয়া রাইটের জবাবটা শুনুন,“আমি তো এটা বলবো না। যদি আপনাদের দলের সিদ্ধান্তটা জানান, তাহলে বলতে পারি। ’
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকা হাবিবুল বাশারদের এই প্রতিদ্বন্দ্বিতার আবেশ ছড়ানোর চেষ্টায় কিছু আসে যায় না, এমনটিই ধরে নেওয়া উচিত বলে সাধারন ধারনা। কিন্তু বাংলাদেশ অধিনায়ক তাতে সায় দিচ্ছেন না কিছুতেই, আন্তর্জাতিক ম্যাচ বলে কথা! “আমি আগেও বলেছি। এখনো বলছি। আর দশটা আন্তর্জাতিক ম্যাচকে আমরা যেভাবে নিই, এই ম্যাচটাকে সেভাবেই নেবো। প্রতিপক্ষ কে, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দলীয় কিছু লক্ষ্য থাকে। সেগুলো অর্জন করার দিকেই মনযোগ থাকবে। আর খুব বেশি করে মনে রাখতে একটা কথা-এটা আন্তর্জাতিক ম্যাচ, এ ম্যাচ জেতা মানেই বাংলাদেশের জয়ের সংখ্যা বাড়া।”
জয়ের সংখ্যাতত্ত্বের বাইরেও হাবিবুল আলাদা করে বললেন,“আমার মনে হয়, সিরিজটা খুব ভালো হবে।’ সিরিজ জমার সম্ভাবনার ব্যাখ্যা তার পরের কথায়, “স্কটল্যান্ড দল সম্পর্কে আমরা খুব একটা জানি না। শুধু জানি, এই দলের চারজন নিয়মিত কাউন্টিতে খেলেন। সেজন্যই জিম্বাবুয়ের চেয়ে তাদের কিছূটা ভালো দল বলে মনে হয়েছে আমার।’
বাংলাদেশ অধিনায়কের এমন পর্যবেক্ষণের মর্যাদাহানি ঘটবে না, কথাবার্তায় তাই বোঝাতে চাইলেন স্কটিশ অধিনায়ক,“আমরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য সিরিজ উপহার দিতে পারবো বলেই আশা করছি।”
সেই আশার বিপরীতে তাদের জন্য আনন্দের খবর হওয়ার কথা গোড়ালির চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে মোহাম্মদ রফিকের খেলতে না পারাটা। কিন্তু আব্দুর রাজ্জাকরা আছেন বলেই হয়তো সেটার আনন্দটা আর প্রকাশ করতে পারলেন না রাইট, “রফিক খেলতে না পারলেও ওদের পর্যাপ্ত ব্যাকআপ আছে। বাংলাদেশ দলে তো স্পিনার আরো আছে। শূধু তাই নয়, ওদের মাশরাফিও খুব ভালো বোলার।”
আর বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রসঙ্গে এসে শাহরিয়ার নাফীস ও মোহাম্মদ আশরাফুলকেই নিজেদের জন্য সবচেয়ে বড়ো বিপদের কারণ ধরছেন রাইট,‘‘নাফীসের খুবই ভালো সময় যাচ্ছে এখন। আশরাফুলও আমাদের জন্য সমস্যা হতে পারেন। যদিও গত বেশ কিছুদিন ধরে তার তেমন সাফল্য নেই। তবে প্রতিভাবান ব্যাটসম্যান সে।”
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে খেলা দলটাকে প্রায় অপরিবর্তিত রেখেই শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। ‘প্রায় ’ বলার কারণ, একাদশে একটা পরিবর্তন করেই নামছে বাংলাদেশ। দলীয় সূত্রে জানা গেছে, বাঁ-হাতি পেসার সৈয়দ রাসেলের জায়গায় আসছেন আরেক পেসার শাহাদাত হোসেন রাজীব । এদের সবার সম্পর্কেই ধারণা থাকার কথা স্কটিশদের। কিন্তু বাংলাদেশ তাদের ব্যাপারে প্রায়ান্ধকারে বলেই হয়তো অনেক কিছু জানানোর চেষ্টাও থাকল রাইটের,“আমরা এখানকার কন্ডিশনের কথা মাথায় রেখে চারজন স্পিনার নিয়ে এসেছি। দুজন
বাঁ-হাতি, বাকি দুজন অফস্পিনার। আমাদের দলে ভালো পেসারও আছে। তাছাড়া আমাদের দলের আট-নয় নাম্বার পর্যন্ত সবাই ব্যাটিং করতে পারে।”
যদিও বৃহষ্পতিবার একাডেমি দলের বিপক্ষে তার প্রমাণ মিললো না একটুও। হয়তো রাইটের ওই কথাতেও ছিল প্রতিদ্বন্দ্বিতার আবেশ আনার চেষ্টা!
