২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডের সঙ্গে খেলার সুবিধা-অসুবিধা

অভিযোগ করে কোনো লাভ নেই। তাই শুধু শুধু অভিযোগ করার পক্ষপাতি নন হাবিবুল বাশার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তবে অনুযোগ করতেই পারেন। সেটা তিনি করছেনও। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলংকা আর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাদ দিলে গত বেশ কিছুদিন ধরে প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকেই পেয়ে আসছে বাংলাদেশ। তার আগে গত এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটাই হাবিবুল বাশারের দলের জন্য সর্বশেষ বড়ো দলের সাক্ষাত। এরপর কেবল জিম্বাবুয়ে এবং এখন সামনে স্কটল্যান্ড। প্রোসপার উতসেইয়াদের হোয়াইটওয়াশ করার পর এখন ছোটো দলে অরুচিই ধরে যাওয়ার কথা হাবিবুলদের।

তবে তারা মুখে সেটা উচ্চারণ করবেন না, এটাই স্বাভাবিক। অবশ্য বিশ্বকাপের আগে বড়ো দলের মুখোমুখি হতে না পারার আক্ষেপকেই স্কটল্যান্ড সিরিজ খেলার অসুবিধা ধরছেন বাংলাদেশ অধিনায়ক,“বিশ্বকাপের আগে আমরা আর বড়ো ম্যাচ পাচ্ছি না। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার পর থেকে র‌্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা কোনো দলের সঙ্গে খেলার সুযোগটা হচ্ছে না আমাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো ম্যাচ পেয়েছি। বড়ো দলগুলোর সঙ্গে খেলতে পারলে খুব ভালো হতো আমাদের জন্য। কিন্তু এটা তো আমাদের হাতে নেই। সুতরাং অভিযোগ করে কোনো লাভ নেই। স্কটল্যান্ডের সঙ্গে খেলতে হচ্ছে। অসুবিধা বলতে পারেন এটিকেই।”

তাই বলে ভাববেন না, জিম্বাবুয়ে কিংবা আইসিসির সহযোগী সদস্য দেশের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে কোনো সুবিধাই বের করে নিতে পারছে না বাংলাদেশ। অধিনায়ক নিজেই সেসবের বয়ান দিচ্ছেন,“সুবিধা হচ্ছে, এই ম্যাচগুলো থেকে অনেক কিছুই পাচ্ছি আমরা। আমাদের ব্যাটসম্যানরা ফর্মে ফিরছে। বোলাররা বড়ো রান করার সুযোগ পাচ্ছে। বোলাররা ভালো বোলিং করছে। ফিল্ডিংয়ে উন্নতি হচ্ছে। পাওয়ার অনেক কিছুই আছে আমাদের। আমার মনে হয়, কী হতে পারতো কিংবা কী হওয়া উচিত ছিল, এসব চিন্তা না করে আমাদের ব্যক্তিগত অর্জনগুলোর দিকে মনোযোগ দিলেই ভালো। অভিযোগ না করে আমি চাইবো যত বেশি সম্ভব অর্জন করে নিতে।”

সে কারণেই তো অন্যরকম এক অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের দুই ক্রিকেটার। শাহরিয়ার নাফীস এক মৌসুমে হাজার রান থেকে মাত্র ২৭ রান দূরে। স্কটল্যান্ড সিরিজেই তার সেই অর্জনের আনন্দে ভাসার কথা। আর পেসার মাশরাফি বিন মর্তুজার সামনে সাকলায়েন মুশতাকের পর এক মৌসুমে ৫০ উইকেট নেয়া প্রথম বোলার হওয়ার হাতছানি। এজন্য তার চাই ৫ উইকেট।

অর্জন করার এমন সুযোগ উন্মুক্ত থাকলেও হাবিবুলদের বড় ম্যাচ খেলতে না পারার অসুবিধা নিয়েই বিশ্বকাপে যাওয়ার ঝুঁকিটা থাকছে।