২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে সুপার এইট পর্যন্ত যেতে চান হাবিবুল বাশার

মাঠে আসার কথা ছিল না। তবুও এলেন। শুক্রবার প্রথম ওয়ানডের আগে স্কটল্যান্ড দলটাকে একটু দেখতে হয় যে! বৃহষ্পতিবার সকালে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে আসা হাবিবুল বাশারের পোশাক তাই প্র্যাকটিসের বাংলাদেশ অধিনায়কের মতো নয়। প্রিয় জিন্স আর টি-শার্ট পরে আসা হাবিবুল চট্টগ্রামের এই মাঠে হাঁটতে হাঁটতে কখনো কখনো হারিয়ে যাচ্ছিলেন ব্রায়ান লারার হোমগ্রাউন্ড ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালেও। আসছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পর্বের লড়াই তো সেখানেই। এখনই বিশ্বকাপ স্বপ্নকে রঙ্গীন সাজ দিয়ে ফেলা হাবিবুল তার ওই মাঠে বারবার হারিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে-

ক্রীড়া প্রতিবেদক

মাসুদ পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

প্রশ্ন : বিশ্বকাপের তো আর খুব বেশী বাকি নেই.....

হাবিবুল বাশার : হ্যাঁ, খুব বেশী সময় হাতে নেই। আমরা ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে চলে যাবো। তার আগে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা হলে আরো কিছু ম্যাচ পাবো। না হলে এই স্কটল্যান্ড সিরিজেই শেষ। আর এক-দেড়মাস সময় আছে।

প্রশ্ন : বিশ্বকাপের চিন্তা নিশ্চয়ই উঁকি দিচ্ছে মনে।

হাবিবুল : অবশ্যই। সময় চলে আসছে। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপের চিন্তাটাও আসছে মাথায়। এখন আমরা যা-ই করছি, বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখেই করছি।

প্রশ্ন : তাহলে তো বিশ্বকাপের জন্য লক্ষ্য নির্ধারণের প্রশ্নটাও এসে যাচ্ছে।

হাবিবুল : হ্যাঁ, লক্ষ্য একটা ঠিক করেছি। শুরুতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার লক্ষ্য নিয়েই আমরা ওয়েস্ট ইন্ডিজে যাবো। সুপার এইট-এ খেলতে চাই।

প্রশ্ন : কিন্তু কাজটা তো খুব কঠিন।

হাবিবুল : মানছি খুব কঠিন। আমাদের গ্রুপে ভারত আর শ্রীলংকার মতো দুটো শক্তিশালী দল আছে। কিন্তু কঠিন ভেবে বসে থাকলে তো আর লক্ষ্য ঠিক করার প্রয়োজন থাকে না। লক্ষ্যে পৌঁছাতে হলে কী ধরনের গেম প্ল্যান, টিম প্ল্যান হওয়া উচিত, আমরা এর মধ্যেই এসব ঠিক করতে শুরু করে দিয়েছি। আমরা যখন বিশ্বকাপে যাবো, এগুলো নিশ্চিত করেই যাবো।

প্রশ্ন : শেষ আটে ওঠার সমীকরনটা সাজিয়েছেন কিভাবে?

হাবিবুল : ( হাসতে হাসতে ) আমার মনে হয় বারমুডাকে আমরা হারাতে পারবো। এরপর বাকি থাকে দুটো কঠিন ম্যাচ। ভারত আর শ্রীলংকার সঙ্গে। ওই দুটো ম্যাচের একটা জিততে হবে আমাদের। নির্দিষ্ট দিনে ভালো খেললে একটা বড়ো ম্যাচ জেতা অসম্ভব নয় আমাদের জন্য। আমাদের মূল লক্ষ্য সুপার এইট-এ যাওয়া। তাই এখনই আরো বড়ো কোনো লক্ষ্যের কথা ভাবছি না। আগে তো সুপার এইট-এ যাই, তারপরেই না আসবে বড়ো লক্ষ্য ঠিক করার প্রশ্ন।

প্রশ্ন : তাহলে সুপার এইট-এ খেলার ব্যাপারটাকে বড়ো লক্ষ্যের মর্যাদা দিতে চাইছেন না।

হাবিবুল : আমরা গত কিছুদিন ধরে যেমন খেলছি, তাতে প্রাথমিক লক্ষ্য তো এমনই হওয়া উচিত। আমাদের সুপার এইট নিশ্চিত করা অসম্ভব কিছু নয়। কেবল বড়ো ম্যাচগুলোর একটি দিনকে নিজেদের করে ফেলতে হবে।

প্রশ্ন : সম্ভব যে বলছেন, তার ভিত্তি কী?

হাবিবুল : বারমুডার সঙ্গে ম্যাচটাতে জয় কিছুতেই হাতছাড়া করা চলবে না। আর বড় দুটো ম্যাচে সুযোগের অপেক্ষায় থাকতে হবে আমাদের। যে সুযোগগুলো আসবে সেগুলো অবশ্যই কাজে লাগাতে হবে। সবচেয়ে বড়ো কথা হচ্ছে, ভারত আর শ্রীলংকাকে হারানোর অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। সুতরাং ওদেরকে হারানোর সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসে একটুও ঘাটতি থাকবে না। একবার যখন হারানো গেছে, তখন আরেকবারের কথা কেন ভাবব না আমরা? ভিত্তি যদি বলতে চান তাহলে একবার করে ভারত ও শ্রীলংকাকে হারানোর ঘটনাকেই ধরতে পারেন।

প্রশ্ন : গতবার তারুণ্যনির্ভর একটা দল নিয়ে বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেবার ব্যর্থতার কারণ ধরা হয়েছিল সেটিকেই। এবারের দলটাও কিন্তু তরুনদের নিয়েই হচ্ছে....।

হাবিবুল : গতবারের সঙ্গে এবারের দলের পার্থক্য কিন্তু অনেক। গত বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশ দল কিন্তু ভালো পারফরম করছিল না। এবারের দলের মতো পেছনে এত এত জয়ের স্মৃতিও ছিল না। এবার বিশ্বকাপে যাওয়ার আগে আমরা অনেক ম্যাচ জিতে যাচ্ছি। আর এখনকার তরুনরা খুব ভালো পারফরম করছে। ভীষণ ভালো লাগছে ওদের দেখে। ওদের পারফরম্যান্সে আত্মবিশ্বাসও ঠিকরে বেরুচ্ছে। এ কারণেই আমি মনে করি, এবার বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা খুব বেশী।

প্রশ্ন : দেশে থেকেও নিশ্চয়ই ত্রিনিদাদের মাঠেও মাঝেমধ্যে হারিয়ে যাচ্ছেন?

হাবিবুল : ( হাসতে হাসতে ) অনেকটা তাই। খুব বেশী সময় তো নেই। তাই মনে ত্রিনিদাদের মাঠ চলে আসেই। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি। স্বপ্নটা কী, তা তো বললামই।