২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটিশদের প্রেরণা দু বছর আগের স্মৃতি

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের তৈরী করা মানববৃত্তে আটকে গেলেন স্কটল্যান্ড দলের অধিনায়ক ক্রেইগ রাইট। সোমবার ঢাকায় নামার পরই জানিয়েছিলেন এখানকার স্পিন উপযোগী উইকেটের কথা মাথায় রেখে তারা চারজন স্পিনার নিয়ে এসেছেন। কিন্তু তারা ক্রিকেটের এমনই একটা অপরিচিত দল যে ওই চার স্পিনার কারা, তা অজানাই থেকে গিয়েছিল সেদিন। মঙ্গলবার তাদের নাম উদ্ধারেই স্কটিশ অধিনায়কের শরণাপন্ন হলেন সাংবাদিকরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সংবাদ সম্মেলন শুরুর আগে সরবরাহ করা খেলোয়াড় তালিকায় চারজনের নামের পাশে ‘টিক’ চিহ্নের অর্থ উদ্ধার করতে গিয়ে জানা গেল, তারা কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ। জন ব্লেইন, নভদ্বীপ সিং বুধিয়া এবং ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট খেলা গেভিন হ্যামিল্টন ও বেশ কিছু ওয়ানডে খেলা ডগলাস রবার্ট ব্রাউন।

তাদের উপস্থিতির কারণেই আগেরদিন হাবিবুল বাশার জিম্বাবুয়ের চেয়ে রাইটের দলকেই এগিয়ে রেখেছিলেন। প্রসঙ্গটা তাই তুলতেই হলো। কিন্তু স্কটিশ অধিনায়ক কোনো তুলনায় যেতে চাইলেন না, “আমরা জিম্বাবুয়ের সঙ্গে কখনো খেলিনি। যদিও আমাদের দলের গভীরতা বেড়েছে গেভিন ও ব্রাউনকে ফিরে পাওয়ায়। তাছাড়া কাউন্টিতে কয়েকজনের খেলার ব্যাপারটা তো আছেই। তাই বলে জিম্বাবুয়ের সঙ্গে তুলনায় যেতে চাইছি না।”

বাংলাদেশের সঙ্গে তুলনাকে অনেকটা ‘ধৃষ্টতা’ মনে করেই যেন সে তুলনায় তারা যাচ্ছেন না। সংবাদ সম্মেলনে কোচ, অধিনায়ক আর ম্যানেজারের পাশাপাশি হামিল্টনকেও হাজির করা হয়েছিল। কারণ, ১৯৯৯-র বিশ্বকাপে বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে উজ্জ্বল পারফরম্যান্সের জন্যে তাকে এদেশের মানুষের চেনা। আগেরদিনই এয়ারপোর্টে মিডিয়াকে বলেছিলেন, ওই ম্যাচটা তারা জিততেও পারতো। জিতলে কী আজকের বাংলাদেশের জায়গায় তারা থাকতো? এমন একটা প্রশ্নে বাংলাদেশের কৃতিত্বকেই বড়ো করে দেখালেন ১৯৯৯-তে ইংল্যান্ড ক্রিকেটের ক্রান্তিলগ্নে সে দেশের হয়ে একটি টেস্ট ম্যাচও খেলা হ্যামিল্টন, “আমাদের সঙ্গে খেলার কয়েকটা ম্যাচ পরই পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ কিন্তু একটা পার্থক্য গড়ে দিয়েছিল।”

ক্রিকেটে নিজেদের অবস্থানটা এখন ঠিক কোথায়, তা ব্যাখ্যা করতে গিয়ে হ্যামিল্টন বলেছেন,“১৯৯৯ থেকে এখন পর্যন্ত ধরলে স্কটল্যান্ডের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। আমাদের অবস্থানটা এখন ঠিক কোথায় তা বলা কঠিন। সম্ভবত র‌্যাঙ্কিংয়ে আমরা এখন ১২ নাম্বারে। তবে আমরা যেভাবে এগুচ্ছি, তা আশাব্যঞ্জক। আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর সঙ্গে আমরা নিয়মিত খেলছি। তাদের অনেকবার হারিয়েছিও। এখানে খেলতে আসাটা আমাদের জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয় করাটাই এখন বড়ো ব্যাপার।”

বাংলাদেশ যাতে সিরিজটাকে একতরফা বানিয়ে ফেলতে না পারে, মনে হলো সেই ব্যাবস্থা করাই এখন স্কটিশদের কাছে বড় চ্যালেঞ্জ। ২০০৪ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্কটল্যান্ডে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশকে ভোগানোর স্মৃতি খুব জোর দিয়েই উল্লেখ করলেন স্কটিশ অধিনায়ক। দুই ম্যাচের ওয়াডে সিরিজটা একতরফা হবে কিনা, এ প্রশ্নে রাইটের স্মিতহাস্যে উত্তর,“অবশ্যই তেমন কিছু আমরা আশা করছি না। এটা বিদেশের মাটিতে আমাদের প্রথম সিরিজ। চ্যালেঞ্জ তো বটেই। বাংলাদেশ টেস্ট আর ওয়ানডে খেলে। ২ বছর আগে আমাদের দেশে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হয়েছিল বাংলাদেশের সঙ্গে। সেটা ১-১ এ ড্র হয়েছিল। আশা করছি এবারও আমরা ভালো খেলে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবো।”