শুধু হ্যামিল্টন নন, সেই ব্লেইনও আছেন দলে
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আর তাদের প্রথম জয়ের মাঝে ব্যবধান হয়ে দাঁড়াতে যাচ্ছিলেন তিনি। রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়ে শেষপর্যন্ত তা হতে না পারলেও গেভিন হ্যামিল্টনের ছবিটা এখনো বাংলাদেশের ক্রিকেটানুরাগীদের কাছে অমলিন।
১৯৯৯-র বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে স্কটল্যান্ডের সঙ্গে আর দেখা না হওয়ায় অপরিচিত একটা দলেরই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ১৫ ও ১৭ ডিসেম্বর অনুষ্ঠেয় দুই ম্যাচের ওয়ানডে সিরিজে।
অচেনা দলের চেনা মুখ হ্যামিল্টনকে সোমবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেই ম্যাচের স্মৃতিচারণও করতে হয়েছে। তার ব্যাটে চড়ে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৮৬ রানের টার্গেটে প্রায় পৌঁছেই গিয়েছিল স্কটল্যান্ড। জয়ের বন্দরে পৌঁছা গেলে ইতিহাসও হয়ে যেতেন হ্যামিল্টন।
সেবার ইংল্যান্ডে বিশ্বকাপ হওয়ায় স্কটল্যান্ডের এডিনবার্গও পেয়েছিল কয়েকটা ম্যাচ আয়োজনের দায়িত্ব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিও হয়েছিল সেখানে। সেই ম্যাচ জিতলে বিশ্বকাপ তো বটেই, নিজেদের ওয়ানডে ইতিহাসেও প্রথম জয়ের নায়ক হিসেবে চিরতরে লেখা হয়ে যেত হ্যামিল্টনের নাম।
তা না হওয়ার দু:খবোধ হয়তো আছে তার। তবে সেবার বাংলাদেশকে হারাতে না পারার পেছনে দুর্ভাগ্যকেই বড়ো করে দেখালেন ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটেও খেলা (১৯৯৯-তে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘পেয়ার’ পাওয়া হ্যামিল্টনের জন্য ওটাই হয়ে থেকেছে প্রথম ও শেষ টেস্ট) এই ব্যাটসম্যান,“ওই ম্যাচটার কথা খুব ভালো মনে আছে আমার। আমরা ম্যাচটা জিততে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক যে ম্যাচটা আমাদের হারতে হয়েছিল।”
তবে শুধু হ্যামিল্টনই নন স্কটল্যান্ডের জয়ের নায়ক হিসেবে লেখা হতে পারতো জন ব্লেইনের নামও। মিনহাজুল আবেদীনের অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে ১৮৫ রানের সন্মানজনক স্কোরে পৌঁছানোর আগে বাংলাদেশকে ২৬ রানে ৫ উইকেট হারানো দলে পরিণত করা মিডিয়াম পেসার ব্লেইনও আছেন এই স্কটল্যান্ড দলে।
রান তাড়া করতে নামা স্কটল্যান্ডও কম বিপদে ছিল না। ৮ রানে ৩ উইকেট হারানো স্কটিশরা ৩৭ রানে চতুর্থ উইকেট হারানোর পরই উইকেটে যান হ্যামিল্টন। এবং তার ব্যাটেই স্কটিশদের জয়কে সম্ভব বলে মনে হচ্ছিল। বাঁ-হাতি পেসার মঞ্জুরুল ইসলামকে ড্রাইভ করেছিলেন অ্যালেক ডেভিস। বল বোলারের হাতে লেগে যখন নন-স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙ্গে দেয়, তখন ক্রিজের সামান্য বাইরে ছিলেন হ্যামিল্টন। তার ৬৩ রানের ইনিংসটা ওখানেই শেষ হওয়ার পর সত্যিই হাঁফ ছেড়ে বেঁচেছিল বাংলাদেশ। ২২ রানের হারকে দুর্ভাগ্য বললেও এখন বাংলাদেশকে অনেক এগিয়ে যাওয়া দলই মনে হচ্ছে হ্যামিল্টনের,“আমি বলবো, তারপর (১৯৯৯-র পর) থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। সেটাই স্বাভাবিক। কারণ, বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ দলগুলোর সঙ্গে নিয়মিত খেলার সুযোগ পেয়েছে। ক্রিকেটে উন্নতি করার এটাই একমাত্র উপায়।”
