২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই ঘর গুছিয়েছে বড়ো দলগুলো

জাতীয় দলের ক্রিকেটাররা কে কোথায় যাচ্ছেন তা আগেই জানাজানি হয়ে যাওয়ায় ক্রিকেটারদের দলবদলের চমক বলতে আর কিছুই অবশিষ্ট ছিল না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 10:52 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাকী ছিল যে আনুষ্ঠানিকতা, তা সারতে রোববার থেকে শুরু হওয়া দলবদলের প্রথম দিনে সব বড়ো দলই হাজির হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে। এবারো আকরাম খান, খালেদ মাহমুদ, শাহাদাত হোসেন রাজীব ও আব্দুর রাজ্জাক রাজের সার্ভিস নিশ্চিত করা বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এদিন দলে ভিড়িয়েছে জাতীয় দলের মেহরাব হোসেন জুনিয়র ও নাদীফ চৌধুরীকে। কিছূদিন আগেও জাতীয় দলে খেলা পেসার নাজমুল হোসেন ও বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুল হক জুনিয়রও সঙ্গী হয়েছেন তাদের। পাশাপাশি প্রতিশ্রুতিশীল ডলার মাহমুদ, শামসুর রহমান শুভ, নাবিল সামাদ ও তামিম ইকবালদের খেলানোর বিষয়টিও পাকাপোক্ত করে ফেলেছে এবার টানা তৃতীয় শিরোপার লক্ষ্য সামনে রাখা দলটি।

গতবার প্রিমিয়ারে অভিষেকেই সোনারগাঁ ক্রিকেটার্সকে রানার্সআপ করা মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক ও আল-শাহরিয়াররা এবার অলরাউন্ডার অলক কাপালি, পেসার মোহাম্মদ শরীফের পাশাপাশি পাচ্ছেন আগামীর তারকা মার্শাল আইয়ুব ও উইকেটকিপার ধীমান ঘোষকে। তারকা শিকারে পিছিয়ে নেই গত কয়েক বছর শিরোপা লড়াইয়ের বাইরে থাকা আবাহনীও। মোহামেডান ছেড়ে রোববারই আবাহনীতে সই করে গেছেন খালেদ মাসুদ পাইলট। জাতীয় দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজাও এখন ধানমন্ডির এই ক্লাবের। তাদের সঙ্গে তুষার ইমরান, মানজারুল ইসলাম, তালহা জুবায়ের, নাজমুস সাদাত, মোহাম্মদ শাহজাদা, জিয়াউর রহমান, নাঈম ইসলাম ও জহিরুল ইসলামদের অন্তর্ভুক্ত করায় অভিজ্ঞতা আর তারুন্যের সমন্বয়টা ভালোই হয়েছে আবাহনীতে।

জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার ও আফতাব আহমেদরা মোহামেডানেই থেকে যাচ্ছেন। তাদের সঙ্গে এবার ভিক্টোরিয়া থেকে এসে যোগ হচ্ছেন সাকিব আল হাসান। দলবদলের প্রথম দিনে না এলেও ১১ জনকে সই করিয়েছে মোহামেডান। এদের মধ্যে পরিচিত মুখ হাসিবুল হোসেন শান্ত, তাপস বৈশ্য, আরাফাত সানি ও সগীর হোসেন পাভেল।

ওদিকে বিমানে পুরনো সৈনিক জাভেদ ওমর ও সৈয়দ রাসেলের সঙ্গী হয়েছেন এবার ফরহাদ রেজা এবং নাফিস ইকবাল।