এশিয়াড হকিতে জয় পেয়েছে বাংলাদেশ, তিনজন খেলোয়াড় আহত
এশিয়ান গেমস হকিতে রোববার প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয় পেয়েছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে এ জয় এসেছে ৫-৩ গোলে।
তবে জয় নয়, আল রায়ান ক্লাবে অনুষ্ঠিত এ ম্যাচ বাংলাদেশের খেলোয়াড়দের কাছে স্মরনীয় হয়ে থাকবে ওমানী খেলোয়াড়দের হিংস্্রতার জন্য। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ওমানী খেলোয়াড়রা চড়াও হয় বাংলাদেশী খেলোয়াড়দের ওপর। তাদের স্টিকের আঘাতে আহত হন বাংলাদেশের জাহিদুল ইসলাম রাজন, এহসান রানা এবং খন্দকার হাসান আহমেদ। এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারন সম্পাদক শামসুল বারি বলেন, “ শুনেছি রাজন, রানা আর হাসান এই তিনজন আহত হয়েছে। ”
রাজনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে। রানার আঙ্গুল ভেঙ্গেছে। বিস্তারিত জানার জন্য বাংলাদেশ দলের ম্যানেজার আব্দুর রশিদ শিকদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও নাকি ব্যর্থ হয়েছেন শামসুুল বারি।
একটি সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি স্ট্রোক দেওয়ায় পাকিস্তানী আম্পায়ার মোহাম্মদ লিয়াকতের ওপর ক্ষেপে যান ওমান দলের খেলোয়াড়রা। সবাই একযোগে চড়াও হলে নিরাপত্তাকর্মীদের আশ্্রয়ে যেতে হয় আম্পায়ারকে। ম্যাচ শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরও ড্রেসিং রুমে ফিরতে সহায়তা করেছেন নিরাপত্তাকর্মীরা।
পুল ‘বি’-র এ ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে নেন অধিনায়ক মুসা মিয়া। নয় মিনিট পর পেনাল্টি কর্নার কাজে লাগিয়েই অবশ্য সে গোল ফিরিয়ে দেয় ওমান। ১৩ মিনিটে ইসমাইল ওমরের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। এ অর্ধে আর গোল হয়নি।
৫৮ মিনিটে বাংলাদেশের হয়ে গোল পরিশোধ করেন রাসেল মাহমুদ জিমি। তার এই ফিল্ড গোলের তিন মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক পেয়ে যায় বাংলাদেশ। দলকে ৩-২ এগিয়ে নেওয়ার সুযোগ মিস করেননি শহীদুল্লাহ টিটু।
চার মিনিটের মধ্যে আবার পেনাল্টি পেয়ে গোল পরিশোধ করে ফেলে হকিতে অখ্যাত দেশ ওমান। তারপর রাজনের ফিল্ড গোল আর পেনাল্টি স্ট্রোক থেকে জিমির করা গোল সব আশা শেষ করে দেয় ওমানের।
