স্কটল্যান্ডের বিপক্ষে দলে নেই খালেদ মাসুদ!
স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা হবে ১৫ ডিসেম্বর, চট্টগ্রামে। সেজন্য সোমবারই সেখানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। এবং দীর্ঘদিন পর বাংলাদেশ দল কোথাও যাচ্ছে খালেদ মাসুদকে ছাড়া।
এক দশকের বেশী জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এই উইকেটকিপার ২০০৩-এর বিশ্বকাপের পরও একবার দল থেকে বাদ পড়েছিলেন। সেবারও বাদ নয়, তাকে বিশ্রাম দেয়া হয়েছে বলেই দাবি করেছিলেন তখনকার নির্বাচকরা। এবারো তাই। স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য রবিবার সন্ধ্যায় ঘোষিত ১৪ জনের বাংলাদেশ দলে পরিবর্তন ওই একটাই। খালেদ মাসুদকে না রেখে সুযোগ দেয়া হয়েছে মূলত বাঁ-হাতি স্পিনার নাদিফ চৌধুরীকে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুটো ওয়ানডেতে মাসুদের জায়গায় উইকেটকিপিং করা মুশফিকুর রহিমও আছেন দলে। স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই ম্যাচেও তাকে একই জায়গায় খেলতে দেখা যাবে।
নির্বাচকদের সঙ্গে মাসুদের বিরোধের খবর অনেক পুরনো। বেশ কিছুদিন ধরেই নির্বাচকদের আদাজল খেয়ে মুশফিককে দলে ঢোকানোর প্রচেষ্টাকে ভিন্ন চোখে দেখার কারণ তাই ছিলই। তবে এবার বিষয়টাকে সেভাবে না দেখার কথাই বললেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিশ্বকাপকে সামনে রেখে মাসুদের দুশ্চিন্তার কিছু আছে বলেও মনে করছেন না তিনি, “মাসুদের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাকে বুঝিয়ে বলেছি যে তাকে স্কটল্যান্ড সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। মুশফিককে আমরা জিম্বাবুয়ে সিরিজে দুটো ম্যাচে সুযোগ দিয়েছিলাম। ও ভালোই করেছে। আমরা ওকে আরেকটু দেখে নিতে চাই। তাই বলে মাসুদের চিন্তার কিছু নেই।‘”
তবে মুশফিককে আরো দেখে নিতে চাওয়ার মাঝে অন্য ইঙ্গিতও আছে। তাকেও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে বিশ্বকাপ দলের সঙ্গে নিয়ে যাওয়ার ব্যাপারটাও একেবারে উড়িয়ে দিতে পারলেন না প্রধান নির্বাচক, “ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়েতে গেলে হয়তো আমাদের বিশ্বকাপের আগে আরো কিছু ম্যাচ খেলার সুযোগ হবে। না হলে স্কটল্যান্ড সিরিজের ম্যাচগুলোই শেষ। তাই আমরা মুশফিককে দেখে নিচ্ছি। তবে বিশ্বকাপ কিন্তু অনেক লম্বা সময় ধরে হবে। সেক্ষেত্রে দ্বিতীয় উইকেটকিপারের কথা ভাবা যেতে পারে। তাছাড়া মুশফিক কিন্তু এর আগে শূধু ব্যাটসম্যান হিসেবেও খেলেছে। তারপরও আমি বলবো, বিশ্বকাপের দল নিয়ে এখনই কিছূ বলা একটু আগেভাগেই হয়ে যায়।”
দীর্ঘদিন পর দলের বাইরে থাকা মাসুদ জানাচ্ছেন, “হ্যাঁ, আজ (রবিবার) দুপুরে ফারুক ভাই আমাকে ফোন করেছিলেন। আমাকে নাকি বিশ্রাম দেয়া হয়েছে। এটা অবশ্য তাদের ব্যাপার। তারা যদি বলেন বিশ্রাম, তাহলে বিশ্রাম। আর যদি বলেন বাদ, তাহলে বাদ।”
১৪ জনের বাংলাদেশ দল
হাবিবুল বাশার (অধিনায়ক) , শাহরিয়ার নাফীস (সহঅধিনায়ক) , মেহরাব হোসেন জুনিয়র, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, ফরহাদ রেজা, সৈয়দ রাসেল এবং নাদিফ চৌধুরী।
