২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরছেন শোয়েব আখতার

ক্রিকেট তাকে ছাড়া অনেকটাই ম্যাড়ম্যাড়ে। একশ মাইল বেগে বল করতে দৌড়ে আসছেন , বল করলেন, বাউন্সার দিলেন কিংবা ইয়র্কার , আম্পায়ারের তর্জনী উঠতে দেখেই ডানা মেলে মাঠজুড়ে উড়তে লাগলেন পাখির মতো-মাঠে যে কোনো মুহুর্তেই শোয়েব আখতার মানেই এক অন্যরকম আকর্ষন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সেই আকর্ষন ফিরে আসছে ঘরোয়া ক্রিকেটে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়োজিত আপীল প্যানেল শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পিসিবি ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে তাদের। এ মাসেই পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট টুয়েন্টি টুয়েন্টি কাপে দেখা যেতে পারে তাদের।

সর্বশেষ আপীল প্যানেল শোয়েব ও আসিফকে ড্রাগ নেয়ার অভিযোগ থেকে মুক্তি দেয়ায় পিসিবি মনে করে এখন আর দুই পেসারের ক্রিকেটে ফেরায় কোনো সমস্যা নেই। শনিবার পিসিবি কর্মকর্তা শাকিব ইরফান জানিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ও আসিফ দুজনই ঘরোয়া ক্রিকেটে খেলার আগ্রহ দেখিয়েছেন, “ তাদের দুজনকেই ঘরোয়া ক্রিকেট খেলার জন্য অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুয়েন্টি টুয়েন্টি কাপে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে তারা।”

আগামী বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান দল। সম্প্রতি পিসিবির নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করেছেন এমন খেলোয়াড়দেরই শুধু তারা ওই সফরের দলের জন্য বিবেচনায় নেবেন। ইরফান জানিয়েছেন এবার ঘরোয়া ক্রিকেটে নাকি ইনজামাম-উল হকসহ পাকিস্তান দলের সবাই নিজ নিজ দলের হয়ে খেলবেন। সঙ্গে শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফের নামও যোগ হলে টুয়েন্টি টুয়েন্টি কাপের আকর্ষন যে অনেক গুনে বেড়ে যাবে তাতে আর সন্দেহ কি!