ভারত জিতে গেল ৯৬ রানে
একদিন বাকি থাকতেই চারদিনের ওয়ার্ম-আপ ম্যাচটি জিতে নিয়েছে ভারত। ৯৬ রানের এ জয় মূলত বোলারদের কল্যাণেই।
জহির খান (৩/৩৬), ভি আর ভি সিং (২/৪১) ও হরভজন সিংয়ের (৩/৩৯) দাপটে মাত্র ২২৪ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা অবশিষ্ট একাদশের দ্বিতীয় ইনিংস।
জয়ের জন্য টার্গেট ছিল ৩২১ রান। শুরুতেই দুই পেসার জাহির খান ও ভি আর ভি সিং ব্যাটিং লাইন আপ কাঁপিয়ে দেন এবং শেষের দিকে জয়ের আনুষ্ঠানিকতা সারেন হরভজন সিং।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়েছিল অবশিষ্ট দক্ষিণ আফ্রিকা। ৭৫ রানেই প্রথম ৪ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন জহির খান ও ভি আর ভি সিং। প্রথম ইনিংসের সফল ব্যটসম্যান জার্সভেল্ড ও কেম্প পঞ্চম উইকেট জুটিতে ১০০ রান যোগ করে সেই ধাক্কা সামলে নিয়েছিলেন। কিন্তু ৬৬ রানে জার্সভেল্ড রান আউট হয়ে গেলে আবার শংকায় পড়ে যায় স্বাগতিকরা। কারণ, আবার চেপে বসেছেন জহির খান ও হরভজন সিং ।১৮৩ রানের মাথায় কেম্পকে (৫৩) জহির খানকে উইকেট দিয়ে ফিরে যাওয়ার পরপরই অ্যাডামসের (০) উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেন হরভজন সিং। এবং পরে দুটো উইকেট নিয়ে এই অফ স্পিনার ২২৪ রানেই শেষ করে দেন অবশিষ্ট দক্ষিণ আফ্রিকা একাদশকে। জহির খান ৩ উইকেট এবং ভি আর ভি সিং ২ উইকেট নিয়েছেন।
মূলত বোলাররাই জিতিয়েছেন ভারতকে। পাঠান বল হাতে সফল না হলেও তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে ৩১৬ রানের বিশাল টার্গেট দাড়ঁ করাতে পেরেছিল ভারত। এরপর ভারতীয় বোলারদের নৈপুন্যেই ১৩৮ রানেই শেষ হয়ে যায় আফ্রিকানদের প্রথম ইনিংস।
তেমনি পেসার টমাসের তান্ডবে শনিবার ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৪২ রানে। ৫৭ রানে ৭ উইকেট নিয়েছেন টমাস। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইরফান পাঠান (৪০*) দ্বিতীয় সুযোগেও দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার।
