২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়টা টিমওয়ার্কের সুফল: নাফীস

৩৫, ৩৪, ৩৩। এগুলো সিরিজের প্রথম দুই ম্যাচে অপরাজিত ১০৫ ও ৬৭ রানের পর পরের তিন ম্যাচের তার স্কোর। মজার ব্যাপার হলো প্রত্যেক ম্যাচেই তার সংগ্রহ ১ করে কমেছে। একজনের মনে হলো বিষয়টা কাকতালীয়। এবং জিজ্ঞেসও করে ফেললেন শাহরিয়ার নাফীসকে, এর কারণ কী?

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মিডিয়ার সামনে সবসময়ই স্বচ্ছন্দ বাংলাদেশ দলের সহ-অধিনায়ক একরকম লুফেই নিলেন প্রশ্নটা। প্রশ্নকর্তাকে উদ্দেশ্য করে বললেন,“আপনি বললেন না, বিষয়টা কাকতালীয়? এটা তাই।” সত্যিই তো। কাকতালের কোনো ব্যাখ্যা হয় না।

তবে শেষ তিন ম্যাচে নিজের আউটগুলো নিয়ে ঠিকই বিশ্লেষণে গেছেন নাফীস ,“ওই ম্যাচগুলোতে আমি শুরু করে শেষ করতে পারিনি। বগুড়াতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অসাধারন একটা ক্যাচে আমার ইনিংস শেষ হয়েছিল। পরেরটায় বাজে শট খেলে আউট হয়েছি। আর আজ বলটা খুব ভালো ছিল।”

তবে সিরিজ শেষের পুরস্কার প্রদান অনুষ্ঠানটা তার জন্য অন্যরকম ভালো লাগার উৎস হয়ে থেকেছে। ৫ ম্যাচে ২৭৪ রান করে সিরিজের সেরা ব্যাটসম্যান তো হয়েছেনই, পাশাপাশি হয়েছেন ম্যান অফ দি সিরিজও। ওই পুরস্কারের জন্য তার নামটা ঘোষিত হওয়ার সময় গ্যালারিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানো তার নব পরিণীতার আনন্দ দেখে কে!

অনেক ভক্তও আছে শাহরিয়ার নাফীসের। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে সেগুলোর আগমনেও মাথা ঘুরে যাচ্ছে না তার,“দেখুন আমি নিজের মধ্যেই থাকতে চাই। ভক্ত আছে অনেক, এটা ঠিক। কিন্তু তারা তো খেলার কারণেই আমার ভক্ত হয়েছে। আমি যখন ভালো খেলবো না তখন কেউ জিজ্ঞেসও করবে না। তাছাড়া সফল ক্যারিয়ারের জন্য ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা থাকাও দরকার।” সিরিজে বাংলাদেশের ৫-০ তে জয়কে ‘টোটাল টিমওয়ার্ক ’ হিসেবে দেখছেন তিনি, “প্রথম দুই ম্যাচে ব্যাটিং জিতিয়েছিল আমাদের। পরের তিনটাতে বোলিং। সম্মিলিত দলীয় প্রচেষ্টায় আমরা ৫-০ করলাম।”