২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটা সবে শুরু: হাবিবুল বাশার

জিম্বাবুয়েকে ‘ক্লিন সুইপ‘ করে ফেলার পর মাঠে বাংলাদেশ দলের অনেকটা নিরাবেগ উপস্থিতি কারোই চোখ এড়ালো না। বিশেষ করে ২০০৫-এর ৩১ জানুয়ারির সন্ধ্যাটা স্মৃতির পর্দা সরিয়েও তাকালো বারকয়েক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হারানোর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের উতসবের লেশমাত্রও নেই শনিবারের বিকেলে। অথচ সেবার পিছিয়ে পড়ে আবার ফিরে এসে ৩-২ এ সিরিজ জিততে হয়েছিল। জয়ের আনন্দে উৎসবের রংও লেগেছিল। এবার তো আনন্দ আরো বেশী হওয়ার কথা। অথচ তা কেন হলো না প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর হাবিবুল বাশার হাসতে হাসতেই ধরিয়ে দিলেন,“হয়তো জেতাটা অভ্যাস হয়ে যাচ্ছে আমাদের। আসল বিষয় হচ্ছে সেবার প্রথম কোনো সিরিজ জিতেছিলাম আমরা। এবার তো আর তা নয়।”

তবে দলের অন্দরমহলে উতসব অবশ্যই হবে। “সেটা কিভাবে ?” একজন জানতে চাইলেন। বাংলাদেশ অধিনায়ক তাকে নিরাশ করলেন না, “আমাদের দলে গায়ক আছে। তারা গান গাইবে।” সংবাদ সম্মেলনে তার পাশেই বসা ডেপুটির দিকে তাকিয়ে একবার মুচকি হাসি দিয়ে বললেন,“অনেকে নাচেও।” বুঝতে বাকী রইলো না নাচিয়েদের একজন শাহরিয়ার নাফীসও। তিনি নিজে কী করেন? এ প্রশ্নেও হাসির ফোয়ারা ছোটালেন হাবিবুল,“আমি কিছুই করি না। শুধু দেখি। অবশ্য গান গাইতে চাই। কিন্তু দলের কেউ সেটা চায় না।”

হেড়ে গলার গান নয়, তার ব্যাটে স্ট্রোকের ফুলঝুরি দেখতে বাংলাদেশ দলের সদস্যরা তো বটেই গোটা দেশই চায়। এবার তার দল অনেক কিছু পারলেও কোনো ম্যাচে ২৫০ রান করতে পারেনি। প্রসঙ্গটা উঠতেই ব্যাটিংয়ের মতোই স্বচ্ছন্দ রসিকতা তার,‘‘হবে কিভাবে? আমি যে এই সিরিজে সেভাবে ব্যাটিং করার সুযোগই পেলাম না।”

তবে এই সিরিজ থেকে সম্ভব সর্বোচ্চ আনন্দের কথাও বলতে ভুললেন না,“যা যা অর্জন করতে পারতাম তার শতকরা ৯০ ভাগই আমরা অর্জন করেছি এই সিরিজ থেকে।” এবার সিরিজ শুরুর আগে কখনোই হোয়াইটওয়াশের লক্ষ্যকে বড়ো করে দেখাতে চাননি। এর কারণও ব্যাখ্যা করেছেন,“আমি ওদের হোয়াইটওয়াশ করার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু আগে থেকে সেকথা বলে খেলোয়াড়দের চাপে ফেলতে চাইনি। এবছরই জিম্বাবুয়েতে যাওয়ার আগে আমরা ওদের হোয়াইটওয়াশ করার কথা বলে গিয়েছিলাম। কিন্তু সেখানে গিয়ে প্রথম ম্যাচটা হারার পরই ছেলেরা চাপে পড়ে গিয়েছিল।” এবার শুরু থেকেই জিততে থাকা বাংলাদেশ দলের অবস্থানটা আন্তর্জাতিক ক্রিকেটে কোথায় গিয়ে দাঁড়াবে, সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাবিবুল বলছেন,“এখনো বাংলাদেশ দলকে নিয়ে অনেক কথা হয়। আমাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমি বলবো, যে দলের বিপক্ষেই হোক না কেন, ৫-০ সহজ কথা নয়। এটা সবে শূরু। এখন ভালো দলগুলোর বিপক্ষেও ভালো খেলে নিজেদের প্রমাণ করতে হবে।” সেই তাগিদও কী শনিবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হাবিবুলদের নিরাবেগের একটা কারণ? হয়তোবা।