২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুটার-অ্যাথলেটদের এশিয়ান গেমসের পারফরম্যান্স দেখে বিদেশে পাঠানো হবে

শুটার-অ্যাথলেটদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে এবার এশিয়ান গেমসের পারফরম্যান্সও বিবেচনায় আসবে। বৃত্তি দিয়ে কাদের উচ্চতর প্রশিক্ষনের জন্য বিদেশে পাঠানো হবে তা সেখানকার পারফরম্যান্স পর্যালোচনা করেই স্থির করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

কলম্বো সাফ গেমসের পর পরই অলিম্পিক অ্যাসোসিয়েন সিদ্ধান্ত নিয়েছিল শুটার ও একজন অ্যাথলেটকে বিদেশে পাঠাবে। শুটারদের তালিকায় ছিলেন আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও অঞ্জন কুমার সিংহ আর অ্যাথলেটদের মধ্যে ফৌজিয়া হুদা জুঁই। তাদের মধ্যে কেবল জুঁইকে মালয়েশিয়ায় ‘ হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টার ’-পাঠানো হয়েছিল প্রশিক্ষনের জন্য। মাস দেড়েক পর ফিরে এসে এশিয়াডে অংশ নিতে কাতার চলে গেছেন তিনি। আরো একজন অ্যাথলেটকে বিদেশে পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে আর নির্বাচন করা যায়নি। তিন শুটারের মধ্যে আসিফ পুলিশি হামলায় আহত হয়ে পড়ায় অন্যদেরও যাওয়া হয়নি। জানুয়ারি থেকে তাদের চীনে শুটিং ট্রেনিংয়ের জন্য পাঠানোর সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু বিওএ এখন তাকিয়ে আছে তাদের এশিয়ান গেমসের পারফরম্যন্সের দিকে।

বিওএর উপ-মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন জানিয়েছেন, “ট্রেনিংয়ের জন্য কাদের বিদেশে পাঠানো হবে তা নির্ভর করছে তাদের এশিয়ান গেমসের পারফরম্যান্সের ওপর। যারা গেমসে অংশ নিয়েছেন তাদের পারফরম্যান্স দেখে আমরা আবার নতুন তালিকা করবো।” বৃত্তি দিয়ে বিদেশে প্রশিক্ষনের জন্য পাঠানোর পর চার মাস পর পর পারফরম্যান্স পর্যবেক্ষনের শর্ত ছিল।