বেশিদূর এগোতে পারেনি জিম্বাবুয়ে
আগেরদিনই জিম্বাবুয়ের অধিনায়ক প্রোসপার উতসেইয়া তার হতাশা প্রকাশ করেছিলেন। হতাশার কেন্দ্রবিন্দুতে ছিল নিজের দলের ব্যাটসম্যানরাই, “আসলে ব্যাটসম্যানরা স্কোর বোর্ডে পর্যাপ্ত রান জমা করতে না পারলে কিছুই করার থাকে না।”
শনিবার সিরিজের শেষ ম্যাচে তার সেই হতাশা কিছুটা হলেও লাঘব হওয়ার ইঙ্গিত ছিল। ওপেনার স্টুয়ার্ট মাতসিকেনেরি এবং জাস্টিস চিবাবার দ্বিতীয় উইকেট জুটি কিছুক্ষণের জন্য হলেও বড়ো রানের কথা ভাবাচ্ছিল। কিন্তু ওই পর্যন্তই। কেননা নির্ধারিত ৫০ ওভার শেষে জিম্বাবুয়ের রান সম্ভবত শেষ ওয়ানডেতে সান্ত¡নার জয় এনে দেয়ার মতো নয়। ৮ উইকেটে ১৯৩ রান।
এ ম্যাচে দুটো পরিবর্তন করে খেলতে নেমেছে বাংলাদেশ। মোহাম্মদ রফিকের জায়গায় ফরহাদ রেজা আর শাহাদাত হোসেনের জায়গায় সৈয়দ রাসেল। এই বাঁ-হাতি পেসারের বল ওপেনার টিনো মাওইয়োর (১০) ব্যাট আর প্যাডের ফাঁক গলে স্টাম্প ভেঙ্গে দিলে দ্রুতই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। এরপর মাতসিকেনেরি আর চিবাবার ৬৩ রানের পার্টনারশিপ ভাঙ্গে লং অন থেকে আব্দুর রাজ্জাকের থ্রো তে। চিবাবা (২৭) রান আউট। মাতসিকেনেরি তবুও হাল ছাড়েননি।
তবে তার দলকে বড়ো রানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা মার খায় বাংলাদেশ দলের এক বাঁ-হাতি স্পিনারের কারণে। এবার রাজ্জাক কিংবা সাকিব নন। এবার মেহরাব হোসেন জুনিয়র। তার বলে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ হন এলটন চিগুম্বুরা (২৭)। ততক্ষনে ফিফটি করে ফেলা মাতসিকেনেরিও মেহরাবকে উইকেট ছেড়ে বেরিয়ে ড্রাইভ খেলতে যাওয়ার মাশুল দেন। বল তার ব্যাটের কানায় লেগে পয়েন্টে রাজ্জাকের সহজ ক্যাচ হয়ে যায়। তখন সেঞ্চুরির আশা জাগাতে শুরু করেছিলে জিম্বাবুইয়ান ওপেনার (৭৫)।
সিরিজের তৃতীয় ম্যাচে যার কারণে কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিল জিম্বাবুয়ে, সেই শন উইলিয়ামসকে (১৪) বোল্ড করা মাশরাফি বিন মর্তুজার নামের পাশে এ ম্যাচেও জ্বলজ্বল করছে ৩ উইকেট, ৩৬ রান খরচে। ৫ ম্যাচে তার ১১ উইকেট। রাজ্জাকের চেয়ে একটু পিছিয়ে, রাজ্জাক ৫ ম্যাচে পেয়েছেন ১২টি। এই সিরিজটা শেষপর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগীতার অংশও হয়ে থাকলো!
