উপচে পড়া দর্শক এবং কিছু গোঁজামিল!
দল জিতেছে এবং নিজে ম্যান অফ দি ম্যাচ হয়েছেন বলেই শুধূ নয়, আফতাব আহমেদের কাছে শুক্রবারে খেলা অপরাজিত ৫৮ রানের ইনিংসটা ভিন্ন মাত্রা পেয়েছে অন্য একটি কারণেও,“অন্য মাঠেও অনেক দর্শক ছিল। তবে আজকের মতো দর্শক কোথাও ছিল না। এতো দর্শকের সামনে এমন একটা ইনিংস খেলতে পারার কারণেই বেশি ভালো লাগছে।”
আর এই দর্শকের কারণেই শুক্রবার ম্যাচের আগে অধিনায়ক হাবিবুল বাশারকে বাড়তি শ্রম দিতে হয়েছে বলে জানালেন,“আমাদের দলের অনেক খেলোয়াড় এত দর্শকের সামনে কখনো খেলেনি। তাই ওদেরকেও শান্ত করার কাজটা করতে হয়েছে আমাকে। যাতে ওরা চাপে না পড়ে যায়। জয় দিয়ে মিরপুরে আমাদের অভিষেকটা ভালোই হলো।” হোম অব ক্রিকেটের অভিষেকের স্বাক্ষী হতে প্রায় ৪০ হাজারের মতো দর্শক শূক্রবার গ্যালারি ভরিয়ে তুলেছিলেন।
এই গ্যালারি ভরিয়ে তোলা দর্শক বাংলাদেশের ফুটবল কর্মকর্তাদেরও কাঠগড়ায় এনে দাঁড় করাচ্ছে মিরপুর শুধূই ক্রিকেটের হয়ে যাওয়ার পরও। এই তো বছরতিনেক আগেও তারা মিরপুরে দর্শক হয় না বলে প্রতিবছর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবল লিগ আয়োজনের জন্য গোঁ ধরতেন। সেটা যে কতোটা ভূল ধারণা ছিল তার প্রমাণ টিকেট বিক্রির পরিসংখ্যানে। চতুর্থ ম্যাচের টিকেট বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৬৯০টি। মাঠে যেমন ভীড় ছিল, তেমনি উপচে পড়া ভীড় ছিল প্রেস বক্সেও। অনেক দিন পর ঢাকায় খেলা। স্বাভাবিক কারণেই মিডিয়ার উৎসাহ ছিল অফুরন্ত।
তবে প্রেস বক্সে ঢুকে অনেকেই হতাশ। কারণ একটাই। দৃষ্টিনন্দন পেস বক্স থেকে সব দেখা গেলেও দেখা যায় না অফিশিয়াল স্কোরবোর্ডটি। একই সমস্যা অফিশিয়াল স্কোরারদেরও। তবে তাদের সমস্যা আগে উপলদ্ধি করায় বিসিবি একটা বিকল্প উপায় খুঁজে বের করেছে। ইন্টারকমের মাধ্যমে অফিশিয়াল স্কোরারদের সঙ্গে স্কোরবোর্ডের দায়িত্বে নিয়োজিতদের যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।
সমস্যা ছিল নিরাপত্তায়ও। বৃহস্পতি বার রাতেই চুরি হয়ে গেছে নিম্বাসের ক্যাবল সংযোগের অনেকগুলো তার। যে কারণে শুক্রবার ম্যাচের সম্প্রচার নিয়েই এক পর্যায়ে সৃষ্টি হয়েছিল অনিশ্চয়তা। তড়িঘড়ি করে বিসিবি এর একটা সমাধান বের করলেও প্রথম ম্যাচেই মিরপুর স্টেডিয়াম স্বাক্ষী হয়েছে অনেক গোঁজামিলের।
শনিবার একই স্টেডিয়ামে চলছে সিরিজের পঞ্চম এবং শেরে বাংলা স্টেডিয়ামের দ্বিতীয় ওয়ানডে। গোঁজামিলগুলো কিন্তু রয়ে গেছে আগের মতোই!
