অবসর নিয়ে ফেললেন ডেমিয়েন মার্টিন
তৃতীয় টেস্ট শুরু হতে মাত্র ৫ দিন বাকি। এরই মাঝে অবসর নিয়ে ফেললেন ডেমিয়েন মার্টিন। এ সিদ্ধান্তে অনেকে হয়তো অবাক হবেন, তবে অস্ট্রেলিয়ার এ ব্যাটসম্যানের কাছে এটা যেন স্বাভাবিক ব্যাপার।
শুক্রবার নতুন এবং যোগ্যদের জন্য জায়গা ছেড়ে দেয়ার কথা বলে আর প্রথম শ্রেনীর ক্রিকেট না খেলার ঘোষণা দিয়েছেন মার্টিন। তারপর পার্থ টেস্টের জন্য দল ঘোষনা করেছে অস্ট্রেলিয়া। সে দলে মার্টিন নেই। তার জায়গায় ডাকা হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোগসকে।
সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য এমনিতেই চাপের মুখে ছিলেন ডেমিয়েন মার্টিন। অ্যাশেজের প্রথম দুই টেস্টের তিন ইনিংসে তার স্কোর ২৯, ১১ ও ৫। এ অবস্থায় অনেকেই হয়তো নিজেকে আরো কিছু সুযোগ দিতে চাননি। ৬৭ টেস্টে ১৩ টি সেঞ্চুরি ও ২৩ টি ফিফটিসহ ৪৪০৬ রান করা মার্টিন তা আর চান না। অবসর ঘোষনার পর শুধু বলেছেন, “ আমি মনে করি এখনি আমার সরে দাঁড়ানো উচিত।”
৩৫ বছর বয়সী সতীর্থের আকস্মিক এ ঘোষনা শোনার পর তার প্রশংসাই করেছেন রিকি পন্টিং “ এ সিদ্ধান্ত নেওয়ার আগে ডেমিয়েন নিশ্চয়ই অনেক ভেবেছে। আমি এবং আমার দলের সবাই ওকে খুব মিস করবো। দু ধরনের (ওয়ানডে এবং টেস্ট) ক্রিকেট মিলিয়ে ও বিশ্বের সবচেয়ে কম প্রচার পাওয়া খেলোয়াড়দের একজন। ও এমন খেলোয়াড়দের একজন যারা কঠিন এবং প্রতিকুল পরিস্থিতিতেই ভালো খেলে। ”
২০৮টি ওয়ানডেতে ৪০.৮০ গড়ে ৫৩৪৬ রান করা ডেমিয়েন মার্টিন বেশ কিছু অবিস্মরণীয় ইনিংস খেলেছেন। সব ভুলে গেলেও ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিপক্ষে খেলা অপরাজিত ৮৮ রানের ইনিংসটি নিশ্চয়ই মনে রাখবেন সবাই।
