ম্যাচ ছেড়েই চলে যেতে চেয়েছিলেন রঞ্জন মাদুগালে
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের সফরটা ভালো কাটছে না মোটেই। খুলনায় সিরিজের প্রথম ওয়ানডের বিরতির সময় তার খাবারই সরবরাহ না করায় ভীষণ খেপেছিলেন শ্রীলংকার সাবেক এই ক্রিকেটার।
সেই ক্ষোভ আরো বেড়েছিল বিরতির সময়ই বিসিবির দুই চাকুরে নিয়ম বহির্ভুতভাবে মাঠে ঢুকে উইকেটের কাছে চলে যাওয়ায়। তাকে বুঝিয়ে-সুঝিয়ে সে যাত্রায় শান্ত করা গেলেও আবারো তাকে অশান্ত করার কারণ হয়েছে বিসিবি। দুদলের খেলোয়াড়-কর্মকর্তা থেকে শুরু করে ম্যাচ অফিশিয়ালরা পর্যন্ত সৌজন্য টিকেট পেয়ে থাকেন বিসিবির কাছ থেকে।
এ নিয়মে মিরপুরে অভিষেক ম্যাচের টিকেটও মাদুগালের কাছে পৌঁছে দেয়া হয়েছিল। শুক্রবার সকালে তার অতিথিদের হাতে টিকেট পৌঁছে দেয়ার আগে প্যাকেট খুলে দেখেন সব কমদামী টিকেট। নির্দিষ্ট করে বললে ১০০ টাকা দামের টিকেট। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, কম দামের টিকেট দেখে তেলেবেগুনে জ্বলে ওঠেন মাদুগালে। এবং ম্যাচ রেফারির রুম থেকে ক্ষিপ্ত হয়ে বের হয়ে যাওয়ার সময় নাকি তিনি এমন কথাও বলেছেন, “আপনারা কী করে আমাকে এতো কম দামের টিকেট দিলেন? আমি এই ম্যাচই আর করবো না।”
পরে তাকে শান্ত করা গেছে যদিও। তারপরও বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের রুগ্ন চেহারাটা ঠিকই মুখ তুলে তাকিয়ে থাকছে।
