২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পথে নিউজিল্যান্ড

ম্যাচ হয়েছে দুদিন। এরই মাঝে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ‘প্রায়’ শব্দটি লিখতেই হচ্ছে, কারণ, ক্রাইস্টচার্চে চলছে বোলারদের রাজত্ব। প্রথম দিন প্রথম ইনিংসে মাত্র ১৫৪ রান করেছিল শ্রীলংকা। শুক্রবার দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডও যে খুব বড় লিড পেয়েছে তা কিন্তু নয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 07:35 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

শেষ দিকে স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির চমৎকার ব্যাটিংয়ের সুবাদে ২০৬ রানে অলআউট হয়েছে তারা। ৫২ রানে পিছিয়ে থাকাকে সফরকারীদের কাছে তুচ্ছ মনে হতো দ্বিতীয় ইনিংসটা অন্তত আশানুরূপ হলে। কিন্তু আবার শেন বন্ডের গতির ঝড়ে ব্যাটসম্যানরা খরকুটো হওয়ায় দ্বিতীয় দিন শেষে ১২৫ রানেই ৮ উইকেট হারিয়ে বসেছে শ্রীলংকা। মাত্র ৭৩ রানে এগিয়ে, হাতে মাত্র ২ উইকেট। সময় বাকি তিন দিন। বোলারদের ম্যাচে মুরালিধরন,চামিন্ডা ভাসেরা এখনো তো কিছু করে দেখাতেই পারেন।

দিনের শুরুতে এই দুজনের কারণেই উৎসবে মেতেছিল শ্রীলংকা। আগের দিনের (২ উইকেটে) ৮৫ থেকে ১১৩ রানে যেতে যেতে আরো চার উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে স্টিফেন ্েফ্লমিং আর ড্যানিয়েল ভেট্টোরি ৭৫ রান তুলে ছাড়িয়ে যান শ্রীলংকার সংগ্রহকে। পরে ৪৮ রান করে অধিনায়ক ফ্লেমিং আউট হলেও ৬৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ভেট্টোরি।

তখন তবু ম্যাচে ফেরার আশা করছিল মাহেলা জয়াবর্ধনের দল। মুরালিধরন (৪/৬৫), ভাস (৩/৪৩), মালিংগা (২/৪৩) ও মাহরুফের (১/৪৪) বোলিং সেরকম প্ল্যাটফর্ম দিয়েছিল ঠিকই। কিন্তু তার ওপর দাঁড়িয়ে কুমারা সাঙ্গাকারা (৬৩*) ছাড়া বেশিদূর যেতে পারেননি কেউ। আপ্রাণ লড়ে যাচেছন সাঙ্গাকারা। মালিঙ্গার (০*) সঙ্গে অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে তোলা ২৬ রানের মধ্যে ২৪ রানই তার। অবাক হলেন? পরাজয় এড়াতে হলে তাকে আরো অবাক করার মতো কীর্তিই গড়তে হবে ম্যাচের তৃতীয় দিনে।