চতুর্থ ম্যাচেও আবার সহজ জয় পেল বাংলাদেশ
অলক্ষ্যে একটা অলিখিত প্রতিযোগিতাই চলছিল দুজনের মধ্যে। সিরিজের চতুর্থ ম্যাচ শুরুর আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথে সবচেয়ে বেশী রান ছিল হাবিবুল বাশারের নামের পাশে।
২২ ম্যাচ খেলে তার ৫৯৭ রানের বিপরীতে খুব একটা পিছিয়ে ছিলেন না শাহরিয়ার নাফীসও। ৯ ম্যাচে ৫৭৮ রান নিয়ে শুরু করা হাবিবুলের ডেপুটি ৩৪ রান করে শুক্রবার অধিনায়ককে ছাড়িয়ে গিয়ে পরিসংখ্যানের খাতায় টুকলেন ৬১২ রান। হাবিবুল এই ম্যাচে ব্যাটিংই করার সুযোগ না পাওয়ায় আপাতত দুদলের ওয়ানডে পরিসংখ্যান তাকেই দিচ্ছে সেরা ব্যাটসম্যানের স্বীকৃতি।
এতো কিছু লিখে ফেলার পর কারো মনে প্রশ্ন জাগতে পারে, ম্যাচের ফলাফল কোথায়? তাদের জন্য উত্তর-এবারো স্বাভাবিক পরিণতি এবং বাংলাদেশের জয়। জিম্বাবুয়েকে বোলাররা মাত্র ১৪৬ রানে থামিয়ে দেয়ার পর বাংলাদেশ মাত্র ৩২.২ ওভারে তুলে নিয়েছে ৮ উইকেটের অনায়াস জয়। আর প্রোসপার উতসেইয়ার দলের বিপক্ষে জয়টাকে হাবিবুলরা এমনই এক নিয়ম বানিয়ে ফেলেছেন যে, এর অন্যথা হলেই কেবল অস্বাভাবিক কিছু বলে ভাবা হত। এবং সেটা শুরুতেই উল্লেখ করার প্রয়োজন পড়ত।
সেই প্রয়োজন ফুরিয়ে যাওয়ায় হোয়াইটওয়াশ করার পথে আরো এক ধাপ এগুনো হাবিবুলদের ব্যক্তিগত প্রাপ্তি দিয়ে রিপোর্ট শুরু হওয়াতে তাই দোষের কিছু নেই।
তবে বাংলাদেশের জন্য আনন্দের আরো কিছু আছে। জিম্বাবুয়ের সঙ্গে ২৮ ম্যাচ খেলে এটা তাদের একাদশ জয়। যদি বিবেচ্য হয় এখানে কে কয়বার জিতেছে, তাহলে বলতে হবে এখন আর জিম্বাবুয়ে এগিয়ে নেই। শুক্রবার জিতে তাদের ধরে ফেলেছে বাংলাদেশ। দেশের মাটিতে এখন প্রতিপক্ষের সঙ্গে ৭-৭ এর সমতা।
মিরপুরে ‘হোম অব ক্রিকেট‘এর অভিষেকে ব্যাটে-বলে অবশ্য অসম একটা লড়াই-ই হয়ে গেল আরেকবার। ড্রাইভ খেলতে গিয়ে মেহরাব হোসেন জুনিয়র (১০) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দ্রুত ফিরে গেলেও কখনোই মনে হয়নি কোনো বড় কোনো বিপদ হতে পারে। বরং এই সিরিজের সেরা ব্যাটসম্যান নাফীসের আরেকটা বড়ো ইনিংস খেলার প্রেক্ষাপটও তৈরি ছিল। ২৯ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে শন উইলিয়ামস তার ক্যাচ ফেলার পর তো সম্ভাবনা বেড়ে যায় আরো। কিন্তু গ্যারি ব্রেন্টের বলে থার্ডম্যানে দেবেংওয়ার দারুন ক্যাচে সেই সম্ভাবনা শেষ হওয়ার পর আফতাব আহমেদ খেললেন আগ্রাসী এক ইনিংস। প্রথম স্কোরিং শটটা ছিল এমপফুকে পুল করে স্কয়ার লেগ দিয়ে মারা ছক্কা। পরে উইলিয়ামসকেও লং অন দিয়ে হাকানো ছক্কাসহ মোরটি চারটি ছক্কা ছিল তার ৬৯ বলে ৫৮ রানের ইনিংসে।
সাকিব আল হাসানের হার না মানা ৩১ রানের ইনিংসটার পাশে বেশী উজ্জ্বল আফতাবের ব্যাটিং বোঝাচ্ছিল, বড়ো ইনিংস খেলতে না পারার অপবাদ ঘুঁচাতে চাইছেন। ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটা পাওয়া এই ব্যাটসম্যানের চোখেমুখে সেই তৃপ্তির আভাই দেখা গেল।
টসে হেরে আগে ব্যাট করতে নামা প্রোসপার উতসেইয়ার দলের স্কোর লড়াই করার মতো হবে না, এটা শুরু থেকেই মনে করাচ্ছিলেন বাংলাদেশ দলের বোলাররা। পরিসংখ্যান জানাচ্ছে গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়পুরে ১৩০ রানে অল আউট হওয়াটাই এখনো বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর হিসেবে টিকে আছে। আজ সেটারও কম হওয়ার সম্ভাবনা এক পর্যায়ে জেগেছিল। তবে শেষপর্যন্ত তার চেয়ে কম না হলেও খুব বেশীও নয়। প্রতিপক্ষ অধিনায়কের শেষদিকে করা ২১ রান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের লজ্জা থেকে এ যাত্রা বাঁচিয়েছে। তবে ১১ রানে শাহাদাত হোসেনের বলে শর্ট ফাইন লেগে হাবিবুল বাশার উতসেইয়ার ক্যাচ না ফেলে দিলে জিম্বাবুয়ের ইনিংসের দৈর্ঘ্য আরো ছোটো হতো নিশ্চিত।
তবে বোলাররা যা করেছেন, তাতে অনেকটা নির্ভার থেকে লাঞ্চটা সারতে পেরেছেন ‘বেঙ্গল টাইগার‘রা। সিরিজের প্রথম দুই ম্যাচের ম্যাচ রিপোর্টে বাংলাদেশের স্পিনারদের আধিপত্যের কথাই কেবল লিখতে হয়েছে। তবে তৃতীয় ম্যাচে পেসারদেরও ছন্দে ফেরার ঘটনা সিরিজ জেতার আনন্দের মাঝেও আলাদা হয়ে থেকেছিল হাবিবুলের কাছে। চতুর্থ ম্যাচেও তার ব্যতিক্রম নয়। বাহাতি স্পিনারত্রয়ীর সঙ্গে পাল্লা দিয়েই লড়েছেন তারা এ ম্যাচে। প্রতিপক্ষের ১০ টি উইকেট তারা পাঁচটি-পাঁচটি করে ভাগাভাগি করে নিয়েছেন। তবে এদের মধ্যে সবাইকে ছাপিয়ে যাওয়া নাম মাশরাফি বিন মর্তুজা। কী রান কম করচে, কী উইকেট শিকারে! প্রতিপক্ষকে প্রথম আঘাতটা তারই দেয়া। তৃতীয় ওভারে তার আউটসুইঙ্গারে পরাস্ত জাস্টিস চিবাবা ৪ হন ওয়ানডে ক্যারিয়ারে মুশফিকুর রহিমের প্রথম ডিসমিসাল। জিম্বাবুয়ের ইনিংসের শেষও মাশরাফির বোলিংয়েই। সঙ্গে আরেক ওপেনার টিনো মাওইয়োর (১৪) উইকেটও নেয়ায় মাশরাফিই দলের সফলতম বোলার। তার বোলিং ফিগারটা তুলে দিলে বোঝা যাবে রান খরচে তার কৃপণতাও জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ কম হয়নি, ৬.২-২-১৪-৩। তার নতুন বলের পার্টনার শাহাদাতও (২/৩৬)প্রথম স্পেলে মার খেলেও পরে ফিরেছেন দারুনভাবে। তাদের সঙ্গে আবারো নিজের বাহাতি স্পিনে ত্রাস হয়ে থেকেছেন আব্দুর রাজ্জাক। প্রথম ও তৃতীয় ম্যাচের মতো এ ম্যাচেও নিজের প্রথম ওভারেই সাফল্য তার। হ্যামিল্টন মাসাকাদজার (১৩) পর ব্রেন্ডন টেলরও (৪) তার শিকার। ২৭ রানে ২ উইকেট। তবে তার চেয়েও উল্লেখযোগ্য সিরিজের চার ম্যাচে তার নামের পাশে এখন ১১ উইকেট। বলা যায় চতুর্থ ম্যাচে পেস আর স্পিনের জোড়া আঘাতেই আবারো টালমাটাল জিম্বাবুয়ে। তাদের স্কোর তো সেকথাই বলে!
সিরিজের চার ম্যাচ শেষে তাদের অবস্থান একথাও বলে, সামর্থ্যেও তারা বাংলাদেশের থেকে দূর, বহুদূর...।
