২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ ফিরেছেন পুরোনো রূপে

বিমানবন্দর থেকে সোজা প্র্যাকটিস গ্রাউন্ডে! দক্ষিণ আফ্রিকায় পা রেখে এভাবেই প্রথম খবর হয়েছিলেন সৌরভ। অবাক হয়েছিলেন সবাই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বোঝা গিয়েছিল দলে ফেরার জন্য, নিজেকে আবার প্রমান করার জন্য কত উদগ্রীব ভারতের সাবেক অধিনায়ক। বাকিটা বোঝালেন অবশিষ্ট দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে চার দিনের ম্যাচে খেলতে নেমেই। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে ঠিক তখনই হাল ধরলেন ভারতের অনেক জয়ের নায়ক। ইরফান পাঠানকে সঙ্গে নিয়ে সম্মানজনক একটা স্কোর নিশ্চিত করে তবেই ফিরলেন প্যাভিলিয়নে। না, সেঞ্চুরি পাননি, তবে দলের বিপদ এড়াতে ১৩ টি চারসহ ১৪১ বলে ৮৩ রানের যে ইনিংসটি খেলেছেন তা সেঞ্চুরির চেয়ে কম কিসে! সৌরভ না পারলেও, সেঞ্চুরি পেয়েছেন ঠিকই ইরফান পাঠান। দক্ষিণ আফ্রিকা সফরে আরেকটি লজ্জার হাত থেকে বেঁচে গেছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর ৭ উইকেটে৩১৬।

ওয়ানডে সিরিজের পর প্রথম প্রস্তুতি ম্যাচে সৌরভের প্রস্তুতি কেমন সেটা দেখার কৌতুহলই বেশি ছিল সবার। ভারতের দুর্ভাগ্য যে ম্যাচের শুরুতেই হেওয়ার্ড আর মরকেলের ঝড়ো বোলিংয়ে ওয়াসিম জাফর (০), বীরেন্দর শেবাগ (০) আর ভিভিএস লক্ষণ (২৩) উড়ে গিয়েছিলেন। এলেন সৌরভ। তাকে রেখে বিদায় নিলেন টেন্ডুলকার(১০)। ধোনি এসেও সুবিধে (৬) করতে পারলেন না। ৬৯ রানে ৫ ব্যাটসম্যানকে হারানো ভারত শেষমেশ একশ’র মধ্যে গুটিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকত না। আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাটিংয়ের সর্বশেষ যে স্মৃতি তার ওপর ভরসা করে সৌরভ গাঙ্গুলির দিকে তখন কেউ আশা নিয়ে তাকাতে পারতেন কিনা কে জানে।

তবে সৌরভের ব্যাটিংটা হয়েছে আশা জাগানোর মতোই। অন্য প্রান্তে ইরফান পাঠানও অবশ্য দারুণ ব্যাট করে অভয় দিয়েছেন তাকে। ১৩৯ রানের জুটি গড়ে উঠেছিল দুজনের মধ্যে। তারপরই সেঞ্চুরির আশা জাগাতে থাকা সৌরভ আউট!

সেঞ্চুরি পাননি বলে হতাশা তো থাকবেই। তবে টপ অর্ডার ব্যাটসম্যানদের যা লেজে-গোবরে অবস্থা তাতে নিশ্চয়ই টেস্ট দলে ফেরার সম্ভাবনা আরেকটু বাড়াতে পারার স্বস্তিও পেয়েছেন ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭৬ বলে ১৫ টি চার ও একটি ছক্কায় সাজানো ১১১ রান নিয়ে ব্যাট করছিলেন পাঠান। সঙ্গে ছিলেন জহীর খান (৯)। ৬৭ বলে ৪৭ রান করে আউট হয়ে গেছেন হরভজন সিং। অবশিষ্ট দক্ষিণ আফ্রিকা একাদশের সবচেয়ে সফল বোলার মরকেল। ৭৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

cricinfo.com এর সহায়তায়