বাফুফের নিন্দা এবং ‘তৃতীয় পক্ষ’ আবিস্কার
বাফুফে ও ক্লাবকর্তারা গত ৪ ডিসেম্বরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
বুধবার বাফুফে কর্মকর্তার ও ক্লাবকর্তাদের যৌথ সভার পর বৃহস্পতিবার বাফুফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, “৪ ডিসেম্বর বাফুফে ভবন প্রাঙ্গনে সংঘটিত অযাচিত, অক্রীড়াসুলভ বক্তব্যের জন্য সভায় তীব্র নিন্দা প্রকাশ করা হয়।”
ওই দিন বাফুফে ভবন প্রাঙ্গনে দলবদলের দাবিতে খেলোড়ারা মঞ্চ তৈরি করে বাফুফে কর্মকর্তাদের সমালোচনা করেছিলেন এবং তাদের সঙ্গে সুর মিলিয়েছিলেন সাবেক ফুটবলাররাও। বাফুফে কর্তাদের বিদেশ ভ্রমণ ও নানা কর্মকান্ডের সমালোচনা করেছিলেন তারা। যা বাফুফে কর্তাদের চোখে “অযাচিত, অশালীন ও অশোভনীয়’” মনে হয়েছে।
এছাড়া বাফুফে ভবনের অভ্যন্তরে এরকম কোনো অযাচিত, অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয় এ বিষয়ে ক্লাবকর্মকর্তারা একমত পোষণ করে ক্রীড়াঙ্গনে তৃতীয় কোনো পক্ষের অনুপ্রবেশের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃতীয় পক্ষ কারা ? জবাবে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, “আমরা দেখেছি খেলোয়াড় ছাড়াও অচেনা কিছু লোক ছিল।” তারা যে ক্রীড়ামোদীও হতে পারেন এটা তিনি মানতে রাজি নন।
বহুল আলোচিত এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাফুফের সভায়। তবে সাধারণ সম্পাদক হেলাল জানিয়েছেন, “তদন্ত হবে কি হবে না সেটা এবং শাস্তির ব্যাপারে বাফুফেই সিদ্ধান্ত নেবে।”
