২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই কোণঠাসা শ্রীলঙ্কা

সাম্প্রতিক ফর্ম অনুযায়ী ফেবারিট ধরা হয়েছিল তাদেরই। কিন্তু ক্রাইস্টচার্চে খেলা শুরুর পর নিউজিল্যান্ড আবার দেখিয়ে দিয়েছে দেশের মাটিতে তাদের হেলা-ফেলা করা সবসময়ই কঠিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 06:42 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বরং হেলা-ফেলা তারাই করেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের নিয়ে। কদিন আগে যে কোনো জুটির বিশ্বরেকর্ড গড়া মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারার দল অলআউট হয়ে গেছে মাত্র ১৫৪ রানে। দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ৮৫।

প্রথম দিনের শুরুতেই সফরকারীদের কাঁপিয়ে দিয়েছেন শেন বন্ড। প্রথমে ৫ রান করা সনাৎ জয়াসুরিয়াকে ফার্স্ট স্লিপে স্টিফেন ফ্লেমিংয়ের ক্যাচ বানালেন, তার কিছুক্ষণ পর কুমারা সাঙ্গাকারাকে বাধ্য করলেন থার্ড স্লিপে ম্যাথু সিনক্লেয়ারকে ক্যাচ দিতে। শ্রীলংকা ২ উইকেটে ১৭। সে অবস্থা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নেয়ার কথা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের। এমনটি অনেক বারই হয়েছে অতীতে। কিন্তু এবার হলো না। ৮ রান করার পরই বন্ডের বলেই ক্যাচ দিয়ে দিলেন ফাইনলেগে দাঁড়ানো জেমস ফ্রাঙ্কলিনকে। বন্ডের তোপে তিন ব্যাটসম্যানের আত্মাহুতি দেয়া শ্রীলঙ্কার স্কোর তখন মাত্র ৩৭।

ওই বিপর্যয় পুরোপুরি আর কাটানো যায়নি। উপুল থারাঙ্গা (৩৩) আর চামারা কাপুগেদেরা (৩৭) ছাড়া আর কেউ বলার মতো অবদান রাখতে না পারায় দেড়শ পেরোনোর পর পরই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ঝটকার পর শেন বন্ড আর উইকেট পাননি। তাই প্রথম ইনিংসে ৪৩ রানে ৩ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। জেমস ফ্রাঙ্কলিন ৩ উইকেট পেয়েছেন মাত্র ৩০ রান দিয়ে। বাকি ৪ উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন মার্টিন (২/৩৭) ও ওরাম (২/৩০)।

জবাবে জ্যামি হাওকে (০) হারিয়ে নিউজিল্যান্ডও পড়েছিল বিপদে। কিন্তু ক্রেইগ কামিংয়ের সঙ্গে জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দেন ম্যাথু সিনক্লেয়ার(৩৬)। দিন শেষে কামিং অপরাজিত ছিলেন ৩৭ রানে আর অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ৭ রানে।