২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবগুলোকে সঙ্গে নিয়ে নিন্দা জানাবে বাফুফে

এতদিন মাঠে ফুটবল গড়ানোর নিশ্চয়তা দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা ব্যর্থতা নয় ! আট-আট বার দলবদলের তারিখ ঘোষনা করে পিছিয়ে যেতে হয়েছে। এতেও যেন দোষের কিছু নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

তাই যখনই খেলার দাবিতে খেলোয়াড়রা আন্দোলনে নেমেছেন তখনই তারা নাখোশ। অবশেষে বাফুফে ঠিক করেছে খেলোয়াড়দের এই আন্দোলন ও বাফুফে কর্তাদের বিরুদ্ধে দেয়া বক্তৃতার নিন্দা জানাবে। বৃহস্পতিবারই প্রেসবিজ্ঞপ্তি দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাবে।

এর প্রস্তুতি হিসেবেই বুধবার বিকেলে বাফুফে ডেকেছিল পেশাদার লিগ (শুধু ঢাকার ক্লাবগুলো) ও প্রথম বিভাগের ক্লাবগুলোর প্রতিনিধিদের। এবং তাদের নিয়ে দীর্ঘ সভা করেছে, সভার মূল আলোচ্য ছিল গত ৪ ডিসেম্বর বাফুফে ভবনের সামনে মঞ্চ তৈরি করে খেলোয়াড়দের আন্দোলন। এর আগে থেকেই তারা দলবদলের দাবি জানিয়ে বাফুফে ভবনের সামনে অবস্থান ধর্মঘট করলেও সেদিনই মঞ্চ তৈরি করে বাফুফে কর্তাদের ব্যর্থতার কথা বলেছিলেন। সেই মঞ্চে সামিল হয়েছিলেন অনেক সাবেক ফুটবলারও। বক্তৃতায় তারাও বাফুফে কর্মকর্তাদের কর্মকান্ডের সমালোচনা করেছিলেন।

যেটা বাফুফে কর্মকর্তাদের আঁ-তে ঘা দিয়েছে ভীষনভাবে। তাই ক্লাব প্রতিনিধিদের ডেকে তাদের মতামত জানতে চেয়েছে বাফুফে এবং প্রায় সব ক্লাবই ওই দিনের ঘটনার নিন্দা জানিয়েছে। তবে ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিনিধিরা তাদের ক্লাবের পক্ষ থেকে নিন্দা জানাতে অপারগতা প্রকাশ করেছেন।