বৃহস্পতিবার শুরু নিউজিল্যান্ড-শ্রীলংকা প্রথম টেস্ট
দেশের বাইরে সিরিজ জয়ের নজীর খুব বেশি নেই। সে কারণেই মাহেলা জয়াবর্ধনের দল জয়টা চাইবেন বেশি। সেটা সবাই-ই চায়। কিন্তু নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতা আর অন্য জায়গায় জেতা কি এক হলো।
কিউইদের দেশের মাটিতে হারানো যে প্রায় অসম্ভব তা কে না জানে! তবে এবার আশা একটু বেশি। বৃহস্পতিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ডÍশ্রীলংকা প্রথম টেস্ট টেস্ট। এ ম্যাচের আগে নিউজিল্যান্ড অধিনায়ক স্টিফেন ফ্লেমিং যা বললেন তা তো শ্রীলংকাকে ফেবারিট মেনে নেওয়ারই নামান্তর!
সেই এপ্রিলের পর থেকে কোনো টেস্ট ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড। অন্যদিকে শ্রীলংকা টেস্ট তো নিয়মিত খেলছেই এবং খেলছে দুর্দান্ত। দেশে দক্ষিণ আফ্রিকাকে ২-০ তে হারানো আর ইংল্যান্ডে ১-১ এ সিরিজ ড্র করার স্মৃতি তো বেশি পুরোনো নয়। তাদের এই খেলায় থাকা এবং দারুণ পারফরম্যান্স দুটোকেই হুমকী মনে করছেন স্টিফেন ফ্লেমিং,“ তারা ফর্মে আছে। খেলছেও ভালো। দুটো বিষয় নিশ্চয়ই কিছুটা এগিয়ে রাখবে ওদের।”
প্রতিপক্ষের এগিয়ে থাকার পাশাপাশি নিজেদের কিছু সমস্যাকেও ছোট করে দেখার উপায় নেই ফ্লেমিংয়ের। ইনজুরির জন্য আগেই বিবেচনার বাইরে চলে গেছেন স্কট স্টাইরিস আর কাইল মিলস। একই কারণে তালিকায় যোগ হয়েছে সিমার ম্যাসনের নামও। স্টাইরিস আর মিলসের অনুপস্থিতির কারণে দলে ফেরানো হয়েছে ম্যাথু সিনক্লেয়ার ও ক্রেইগ কামিংকে।
ট্রেনিং সেশনে না থাকায় পেসার লাসিথ মালিঙ্গাকে শ্রীলঙ্কা খেলাবে কিনা এ প্রশ্ন থাকছে। তবে এর বাইরে জয়াবর্ধনের কোনো দুশ্চিন্তা নেই। বরং টেস্ট শুরুর আগে তার মুখে শোনা গেল সন্তুষ্টির কথা, “দলের সবাই ভালো ফর্মে আছে। এখন দরকার শুধু এখানকার কন্ডিশনের সঙ্গে তাড়াতাড়ি মানিয়ে নেওয়া। গত কিছুদিন যে কন্ডিশনে আমরা যেমন ক্রিকেট খেলেছি তাতে এসব কোনো সমস্যা হওয়ার কথা নয়।”
ক্রাইস্টচার্চ টেস্টের নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা দল:
নিউজিল্যান্ড : স্টিফেন ফ্লেমিং (অধিনায়ক),ক্রেইগ কামিং, জেমি হাও, ম্যাথু সিনক্লেয়ার, নাথান অ্যাস্টল, জ্যাকব ওরাম, ব্রেন্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেট্টোরি, জেমস ফ্যাঙ্কলিন, শেন বন্ড, ক্রিস মার্টিন , ইয়ান ও’ব্রায়েন (দ্বাদশ)
শ্রীলঙ্কা : মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমারা সাঙ্গাকারা, সনাৎ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা, তিলকরত্নে দিলশান, চামারা কাপুগেদেরে, চামারা সিলভা, প্রসন্ন জয়াবর্ধনে, ফারবেজ মাহরুফ, চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা, দিলহারা ফার্নান্ডো, অকলঙ্ক গানেগামা, মুত্তিয়া মুরালিধরন
