তুষারকে তাহলে নেয়া হয়েছিল কেন?
সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে বুধবার বগুড়া থেকে সড়কপথে ঢাকায় ফিরছিল বাংলাদেশ দল। ঢাকায় সিরিজ চলাকালীন দলের ঠিকানা হোটেল শেরাটনের কাছাকাছি পৌঁছাতেই আনন্দে কিছুটা বিষাদও মিশে গেল প্রধান নির্বাচক ফারুক আহমেদ টেলিফোনে ম্যানেজার খালেদ মাহমুদকে ৮ ও ৯ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের শেষ দুটো ওয়ানডের জন্য বাংলাদেশ দলটা জানানোর পর।
১৪ জনের দলে পরিবর্তন একটাই। তুষার ইমরান বাদ। মুশফিকুর রহিমকে দলে ঢোকাতে প্রথম তিন ম্যাচের স্কোয়াডে থাকা তুষারকে ছুঁড়ে ফেলে নির্বাচকরা আবারো স্বেচ্ছাচারিতার দৃষ্টান্ত রাখলেন। সিরিজ জেতা হয়ে গেলে অন্যদের সুযোগ দেয়ার কথা ফারুকই জানিয়েছিলেন। কিন্তু তুষারের অবস্থা হয়ে গেল পরীক্ষা দিতে গিয়ে হলে ঢুকতে না পারা ছাত্রের মতো। কোনো সুযোগ না পেয়েই দল থেকে বাদ এই মিডল অর্ডার ব্যাটসম্যান। হোটেলে পৌঁছার পর দলের অন্যরা যখন যে যার রুমের দিকে পা বাড়াচ্ছিলেন, তখন তাকে ধরতে হয়েছে বাড়ীর পথ। যাওয়ার সময় তুষার কেঁদেছেন বলেও জানা গেছে।
এভাবে বাদ পড়াটা নিঃসন্দেহে এক মানসিক আঘাত। এটা তুষারকে দেয়া উচিত হলো কিনা, সেই প্রশ্নে যাওয়ার আগে এমন সিদ্ধান্তে নির্বাচকদের স্ববিরোধী অবস্থানটাই তুলে ধরা যাক। সুযোগ না দিয়ে তুষারকে বাদ দেওয়াকে ফারুক নিজেই দেখছেন এভাবে, “এটাকে তুষারের দুর্ভাগ্যই বলবো। ”এমন স্বীকারোক্তির পর তাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। যদিও এরপর একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি,“আমরা কিন্তু এই সিরিজের দলে প্রথমে মোহাম্মদ আশরাফুলকে রাখিনি। ওই জায়গাটায় অভিজ্ঞ একজনকে রাখার চিন্তা থেকেই তুষারকে আনা হয়েছিল। পরে আশরাফুলকে অন্তর্ভুক্ত করায় ওর খেলার সুযোগ এমনিতেই কমে যায়।”
কিন্তু শেষ দুটো ম্যাচে তো তাকে সেই সুযোগ দেয়ার উপায় ছিল। আর সুযোগ যদি না-ই দেয়া হবে, তাহলে কেন জাতীয় লিগে খেলতে পাঠিয়ে দেয়া হলো না? এসব প্রশ্নের কোনো সদুত্তর নেই ফারুকের কাছে। প্রশ্নের মুখে যুক্তি খুঁজে না পেলে ‘হু’, ‘হাঁ’ করে যাওয়াটাই নিরাপদ। ফারুকও তা-ই করলেন, “ওকে জাতীয় লিগের জন্য ছেড়ে দিলেই হতো।” আর মানসিক আঘাত প্রসঙ্গে তার যুক্তিটা শুনুন,“এটাকে ও আঘাত হিসেবে নিয়েছে বলে মনে হয় না। ওর সঙ্গে তো সবসময় কথা হয়। উল্টোটাও তো হতে পারে। আশরাফুলকে যেমন বাদ দেওয়ার পর ২৬৩ রান করে ফেললো। জেদে যদি তেমন কিছু...।”
অনেক সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করতে না পেরে বাদ পড়া এবং কোনো ম্যাচ না খেলেই ছিটকে যাওয়ার পার্থক্য না বোঝার মতো মস্তিষ্ক নিশ্চয়ই ফারুকের নয়! এটা তো সেই গুঞ্জনটাকেই প্রকাশ্যে তুলে আনছে-তুষারকে নির্বাচকরা পছন্দ করেন না। তাই গত আগস্টে কেনিয়া সফরে একটা ম্যাচ খেলার পরই দল থেকে বাদ পড়েছিলেন। এরপর পারফর্ম করে দলে ফিরে এবার না খেলেই বাদ! তার জন্য ফারুকের সান্ত¡না জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হওয়া,“তুষার খেলবে তো। তিনদিনের ম্যাচ আছে সামনে।”
আর শেষ দুই ম্যাচের দলে ঢুকে পড়া মুশফিকুর রহিমের সামনে হয়তো আছে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় কিংবা তৃতীয় ম্যাচ। ফারুক সেই ইঙ্গিত ঠিকই দিলেন, “পাইলট (খালেদ মাসুদ) নিঃসন্দেহে দেশের সেরা উইকেটকিপার। কিন্তু আমরা একজন ব্যাকআপ উইকেটকিপারও তৈরি রাখতে চাই। তাই এই দলে মুশফিককে নেওয়া।” অর্থাৎ বিশ্রাম পেতে পারেন মাসুদ। উইকেটকিপার হিসেবে দলে এলেও মুশফিক জায়গা নিয়েছেন একজন ব্যাটসম্যানের।ব্যাটসম্যান হিসেবে চলতি জাতীয় ক্রিকেট লিগে মুশফিকের সর্বোচ্চ স্কোর ২৬! তুষারের না খেলেই বাদ পড়াটা তাই আরো বেশি বেদনার!
১৪ জনের দল: শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র, আফতাব আহমেদ, হাবিবুল বাশার (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, ফরহাদ রেজা, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, সৈয়দ রাসেল এবং মুশফিকুর রহিম।
