শোয়েবদের ফেরার পথে আবার বাধা?
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিযুক্ত আপীল ট্রাইবুনালের রায় শুনে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফ।
গত মঙ্গলবারই ট্রাইবুনাল জানিয়েছিল, পিসিবি চাইলে চলতি ওয়েস্টইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজেই খেলতে পারেন পাকিস্তানের দুই ফাস্টবোলার। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই নতুন করে দুঃশ্চিন্তায় পড়ার মতো খবর এসেছে শোয়েবদের জন্যে। মাদকবিরোধী বিশ্ব সংস্থা (ডব্লিউএডিএ) এত সহজে ছাড়ছে না তাদের। শোয়েব আর আসিফের বিরুদ্ধে ওঠা ডোপিংয়ের মামলাটি এখন খতিয়ে দেখবে ডব্লিউএডিএ।
ডব্লিউএডিএ মনে করে পাকিস্তানের আপীল ট্রাইবুনালের রায়টি অযৌাক্তিক এবং এ রায়ে মাদকবিরোধী আইনের লঙ্ঘন হয়েছে। বুধবার পাকিস্তানের দ্য নিউজকে ডব্লিউএডিএ কর্মকর্তা ফ্রেডেভিক ডনজে বলেছেন,“আইসিসির সঙ্গে মিলে আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড ট্রাইবুনাল যে সিদ্ধান্ত নিয়েছে তাকে ব্যক্তিগতভাবে আমি সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করি।”
পাকিস্তানের এক সাবেক বিচারপতির অধীনে গঠিত তিন সদস্যের ট্রাইবুনাল কিন্তু শোয়েব আর আসিফকে নিষিদ্ধ ন্যানড্রোলন নেওয়ার অভিযোগ থেকে মুক্তি দিয়ে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। শোয়েবকে নিষিদ্ধ করা হয়েছিল দু বছরের জন্য আর মোহাম্মদ আসিফকে এক বছরের জন্য।
ফ্রেডেভিক ডনজে জানিয়েছেন, অভিযুক্ত দুই ক্রিকেটারের এই মামলা নিয়ে এখন আর কোনো মন্তব্য করতে রাজি নয় ডব্লিউএডিএ। সবার আগে মাদকবিরোধী বিশ্ব সংস্থা চায় পিসিবির আপীল ট্রাইবুনালের রায়ের অনুলিপি দেখতে। ডব্লিউএডিএর পাকিস্তান প্রতিনিধিকে রায়ের অনুলিপি পাঠানোর জন্য বলা হয়েছে বলেও জানিয়েছেন ফ্রেডেভিক ডনজে।
