২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের ম্যাচের হতাশা ভুলেছি দলকে জিতিয়ে: রাজ্জাক

আগের দুটো যদি হয়ে থাকে শাহরিয়ার নাফীসের ম্যাচ, তবে তৃতীয়টি অবশ্যই রাজ্জাকের। ক্যারিয়ারে প্রথম বারের মতো ৫ উইকেট নিতে বাংলাদেশের এই স্পিনার খরচ করেছেন মাত্র ৩৩ রান। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। তারপর কি এ নিয়ে আর প্রশ্ন উঠতে পারে?

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 12:11 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ম্যাচ শেষে রাজ্জাককে তাই অন্যদের চেয়ে একটু বেশি ফুরফুরে মেজাজেই যেন দেখা গেল। কেমন লাগছে? গতানুগতিক এ প্রশ্নে যা বললেন তার অনেকটাই আগে-ভাগে অনুমান করা যায়, “ বাংলাদেশ জিতেছে। আমি এই প্রথম বারের মতো ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছি। এই প্রথম ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। সব মিলিয়ে আমি খুবই খুশি।”

দ্বিতীয় ম্যাচ শেষে কিন্তু এ কথা বলার জো ছিলনা। এই বগুড়াতেই সেদিন কোনো উইকেটই পাননি । জানালেন এ ব্যাপারটা আজ মাথায় রেখেছিলেন ঠিকই, “উইকেট না পেলেও সেদিনও আমি বল ভালোই করেছিলাম। তারপরও কোনো উইকেট না পাওয়ায় খারাপ তো লেগেছিলই। আজ তাই বাড়তি চেষ্টা ছিল ভালো করার। শেষ পর্যন্ত সফল হয়েছি। দলও জিতেছে। খুব ভালো লাগছে।”

গত ম্যাচের হতাশা ভুলতে এ ম্যাচে মোটেই অপেক্ষার প্রহর গুনতে হয়নি তাকে। প্রথম ওভারেই পেয়ে যান দু দুটো উইকেট। তারপর নিজেদের বেশ গুছিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। সে অবস্থায় উইকেট পাওয়া, নাকি রান কম দেওয়ার কথা ভেবে দ্বিতীয় স্পেল শুরু করেছিলেন-জানতে চাইলে রাজ্জাক কোনো ঘোর-প্যাঁচে যাননি, “রান কম দেওয়াকে সব সময়ই আমি বেশি গুরুত্ব দেই। আজ দ্বিতীয় স্পেলে বল করতে আসার পরও ভেবেছি, রান চেক দিলে উইকেট তো আসবেই। পেয়েছিও।”