এ পর্যন্ত ফেবারিটের মতো খেলতে পারাটাই আনন্দের: হাবিবুল
ম্যাচ জিতেছে ঠিকই, তবে আগের দুটো ম্যাচের মতো একেবারে হেসে-খেলে জিততে পারেনি বাংলাদেশ।
মাত্র ২৬ রানের জয়। দলের পারফরম্যান্সে কি পুরোপুুরি খুশি? সোজাসুজি ‘হ্যাঁ’ বলতে পারলেন না হাবিবুল বাশার, “পারফরম্যান্সে কিছুটা ঘাটতি তো ছিলই। কয়েকজন ব্যাটসম্যান ৩০ থেকে ৪০ রানের মধ্যে আউট হয়েছে এ ব্যাপারটা একটু ভাবিয়েছে। ভালো শুরুর পর তো শেষ করে আসতে হয়। এ ছাড়া ফিল্ডিংয়ের সময় কয়েকটা ক্যাচও ফেলেছি আমরা। ” তারপরই অবশ্য সান্ত¡নাও খুঁজলেন অধিনায়ক, “ এমনটি কোনো কোনো ম্যাচে অবশ্য হতেই পারে। সবকিছুর পরও আমরা মোটামুটি ভালো একটা স্কোর তো পেয়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা, ম্যাচটা আমরা জিতেছি। আরো বড় আনন্দের যে বিষয়টি, তা হলো, এ পর্যন্ত তিনটি ম্যাচে আমরা ফেবারিটের মতো খেলেই সিরিজ জয় নিশ্চিত করেছি আমরা।”
সরাসরি হতাশার প্রশ্ন উঠলে নিজের ব্যর্থতার কথাও বললেন হাবিবুল,“আমি রান করতে পারিনি, দল আরো বড় স্কোর পায়নি। আমরা আসলে ২০-৩০ রান কম করেছি। এগুলো না হলে আরো ভালো লাগত।”
সিরিজ জেতা তো শেষ। তাতেই কি তৃপ্ত? মোটেই না। বাকি ম্যাচগুলোতেও জয় ছাড়া কিছু ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক, “ বাকি দুটো ম্যাচেও জেতার জন্যই মাঠে নামবো আমরা।”
