২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

ক্যাচ নিলে ম্যাচ জেতা যায়। কিন্তু ক্যাচ ফেললে? আর সংখ্যাটা যদি হয় গোটা তিনেক? পরিণতি উল্টোই হওয়ার কথা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের ভাগ্যলিপিতে তেমন কিছুই লেখা হতে পারে বলে ভাবাচ্ছিলেন শন উইলিয়ামস। মাত্র ২ রানে শাহাদাত হোসেনের বলে থার্ডম্যান বাউন্ডারিতে তার লোপ্পা ক্যাচ ফেলে শাহরিয়ার নাফীস একজনকে মনেও করাচ্ছিলেন। তিনি গত আগস্টে হারারে মাঠের ব্রেন্ডন টেলর। এই ম্যাচে তার ক্যাচও স্লিপে দুবার ফেলেছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। তাকে ওই ১ রানেই বোল্ড করা শাহাদাত পরে পুড়েছেন উইলিয়ামসকেও তুলে নিতে না পারার যন্ত্রণায়। পুড়তে পারতো বাংলাদেশও। কিন্তু পুড়লো না। বরং প্রত্যাশিত সিরিজ জয়ের আনন্দে ভাসলো বেশ কিছুদিন ধরেই জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের আতঙ্ক হয়ে থাকা বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের জন্য।

২২০ রান তাড়া করে জিম্বাবুয়ে ১৯৪ রানে থেমে গেল তো তার স্পিন ছোবলেই। খুলনায় সিরিজের প্রথম ওয়ানডেতে করা ৩৩ রানে ৪ উইকেটের ক্যারিয়ার সেরা বোলিংকেও ছাড়িয়ে কাল পেলেন প্রথমবারের মতো ৫ উইকেট। ২৬ রানে ম্যাচ জিতে চতুর্থবারের মতো ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। জয়ের নায়ক হিসেবে আব্দুর রাজ্জাকের হাতেই আজ ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটা সবচেয়ে ভালো মানিয়েছে। এই পুরস্কারটাও তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম।

নিজের প্রথম ওভারেই ১ বলের ব্যবধানে স্টুয়ার্ট মাতসিকেনেরি (২৪) ও জাস্টিস চিবাবাকে (১০) তুলে নেন রাজ্জাক। শাহাদাত এরপর মাসাকাদজাকেও (২) ফিরিয়ে দেয়ায় ৪৮ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের সিরিজে ফেরার স্বপ্ন বিলীন বলেই মনে হয়েছিল। কিন্তু এলটন চিগুম্বুরাকে (৩১) সঙ্গে নিয়ে উইলিয়ামসের ম্যাচ সর্বোচ্চ ৭৫ রানের পার্টনারশিপে অন্যরকম কিছুর কথাও ভাবতে হয়েছে । মাশরাফি ৩/৩৪ এই জুটি ভাঙ্গার পর কিথ দেবেংওয়াকে (৩১) সঙ্গে নিয়ে ৫৮ রানের পার্টনারশিপই বোঝাচ্ছিল হাল ছাড়েননি উইলিয়ামস। ৬৮ রান করা এই বাঁ-হাতিকেও একসময় আস্কিং রেটের দাবি মেটাতে বিগশট খেলার কথা ভাবতে হলো। ফাঁদে পা দিলেন তখনই। রাজ্জাকের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে তুলে মারতে গেলেন। অনেকটা দৌড়ে এসে সেই ক্যাচ নিলেন বদলি ফিল্ডার ফরহাদ রেজা। এরপর বাংলাদেশের আনন্দের উপলক্ষ্যের দেখা পাওয়াটা কেবলই সময়ের ব্যাপার ছিল।

এর আগে বাংলাাদেশের ব্যাটিং ছিল আশা এবং হতাশার যুগলবন্দী ।

বড়ো সংগ্রহের আশা জাগিয়ে শুরু হওয়া ইনিংসটা শেষপর্যন্ত ৪৯.২ ওভারে ২২০ রানে শেষ , হতাশারই তো।

যখন মনে পড়বে, মাত্র ১৯.৫ ওভারে শতরান পেরুনো দলটার দুইশোর সীমা ছাড়াতে হয়েছে ৪৭.৩ ওভারে গিয়ে। তাও আবার এজন্য অনেকদিন পর মাশরাফি বিন মর্তুজার ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হয়েছে। কিথ দেবেংওয়া এবং এডওয়ার্ড রেইন্সফোর্ডকে মিড উইকেট দিয়ে মারা দুই ছক্কাসহ তার ২০ বলে অপরাজিত ২৩ রানের ইনিংসটা না হলে যে ২২০-ও হয় না বাংলাদেশের।

অথচ জিম্বাবুয়েকে গিলে ফেলে এই ম্যাচেই সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যের কথা বলার সময় ব্যাটসম্যানরা সবাই ফর্মে আছেন বলে দাবি করেছিলেন অধিনায়ক হাবিবুল বাশার। শাহরিয়ার নাফীস ও মেহরাব হোসেন জুনিয়র মিলে ৬৪ রানের ওপেনিং জুটি গড়ার পর মনেই হয়নি হাবিবুলের মুখরক্ষা হবে না। তাদের বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিত সেঞ্চুরির পর নাফীসকে আউট করার উপায় বের করতে মাথা কুঁটে মরছিল জিম্বাবুইয়ানরা। পেয়ে গেছে বলা যাচ্ছে না। আপাতত দুর্দান্ত ক্যাচেই তাকে বধ করে আসছেন উতসেইয়ারা। সাত বাউন্ডারিতে ৩৪ বলে ৩৫ রানের ইনিংসটা শেষ হয়েছে লেগ গালিতে গ্যারি ব্রেন্টের ডানদিকে ঝাঁপিয়ে নেয়া ক্যাচে। অন্যদের ব্যর্থতায় মোহাম্মদ আশরাফুলের জন্য মঞ্চ প্রস্তুত হয়েই ছিল। সাবধানেই এগুতে থাকা আশরাফুলকেও একসময় সময়ের দাবি মেটাতে বিগশটে যেতে হলো। কিন্তু এদিন কিথ দেবেংওয়ার বল উড়িয়ে মারার সময় নিশ্চয়ই ভাবেননি প্রায় ২০ গজ দৌড়ে এসে লং অনে এক হাতে ওরকম একটা অবিশ্বাস্য ক্যাচ ধরে ফেলবেন চিবাবা। ৩৬ রানে শেষ আশরাফুলের ইনিংস। আর ওই দুটো ক্যাচেই খুঁজে পাওয়া গেছে সিরিজে ফিরতে মরিয়া জিম্বাবুইয়ানদের মাঝে উজ্জীবনী শক্তির খোঁজ।

কিন্তু এর মাঝে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটে ফর্মের খোঁজ কই! কয়েকটা চোখ ধাঁধানো শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে আসার ‘আফতাব চরিত‘ ১৬ অপরিবর্তিত এ ম্যাচেও। অধিনায়ক ৩ নিজে মিড অনে সহজ ক্যাচ তুলে দিয়ে আসেন। নিজের দ্বিতীয় ওয়ানডে ফিফটির দিকে এগুতে থাকা মেহরাব ৩৮ তার প্লেড অন হওয়ার জন্য বল নীচু হয়ে যাওয়াকে দায়ী করতে পারেন। তবে কৃতিত্বের দাবীদার জিম্বাবুয়ের বোলাররাও। শুরুর ঝড়ের চোটে ৫ম ওভারেই বোলিংয়ে পরিবর্তন আনতে হয়েছিল জিম্বাবুয়ে অধিনায়ক উতসেইয়াকে। নিজের প্রথম স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে ফেলা পেসার ক্রিস্টোফার এমপফুর দ্বিতীয় স্পেলটা ঈর্ষনীয়, ৪-০-৬-২। আর সবমিলিয়ে ৪২ রান ৪ উইকেট নিয়ে তিনিই সফলতম বোলার। আর মিতব্যয়িতায় সেরা উতসেইয়া নিজে, ১০-১-২১-১। বাহাতি স্পিনারদের দিয়ে জিম্বাবুয়েকে ভুগিয়ে আসা বাংলাদেশও এই প্রথম এক বাহাতির কারণে কম অস্বস্তিতে ভোগেনি। ১৯ রানে ৩ উইকেট পাওয়া দেবেংওয়া যে বাহাতি স্পিনার।

আসলে নিজ দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষের বোলারদের সাফল্যের যুগলবন্দীও ছিল বাংলাদেশের ইনিংসে! তবে জয়টা কিন্তু আগের দুই ম্যাচের মতো অনায়াস হয়নি। কিন্তু সেগুলোতে অনুপস্থিত থ্রিলটা ছিল! এই যা!