এক দিন হাতে রেখেই জিতে গেল রাজশাহী
তৃতীয় দিনেই জিতে গেছে রাজশাহী। ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের ৫ম রাউন্ডের খেলায় স্বাগতিকরা এক ইনিংস ও ২০৭ রানে হারিয়েছে বরিশালকে।
আর এই জয়ের ফলে ৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকারও শীর্ষে এখন রাজশাহী। ঢাকা ৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালকে প্রথম ইনিংসে ৯৩ রানে বেঁধে ফেলে রাজশাহী ৩২০ রানের লিড নেয়। আবারো ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১১৩ রানে। মোহাম্মদ শাহাজাদা(৩/২৫), শাফাক আল জাবির (২/৪১) ও সোহরাওয়ার্দীর (২/১৬) মারাত্মক বোলিংয়ে হুড়মুড় করে ভেঙ্গে পড়ে বরিশালের ব্যাটিং লাইন-আপ। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করেন আলী আরমান ।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ভালভাবেই ম্যাচে ফিরেছে দ্বিতীয় ইনিংসে সিলেটকে ১১৬ রানে অলআউট করে। পেসার মোহাম্মদ শরীফ ও মুশারফ হোসেনের দুর্দান্ত বেলিং-ই সিলেটকে এত কম রানে বেধেঁ দিয়েছে। শরীফ ৩৪ রানে ৫ উইকেট এবং মুশারফ ৩৭ রানে নিয়েছেন ৪ উইকেট। ২০২ রানে প্রথম ইনিংস শেষ করা ঢাকার সামনে চতুর্থ দিনে জয়ের টার্গেট এখন ২৮০ রানের।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে মানজারুল ইসলামের সেঞ্চুরিতে খুলনা প্রথম ইনিংস ঘোষনা করে ৯ উইকেটে ৪৭৮রানে। এবং তাতে নিজেদের লিড দাঁড়ায় ২৩৭ রান। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ১ উইকেট হারিয়ে ৪৮ রান করেছে।
৩ উইকেটে ২৩৩ রানে আগেরদিন শেষ করা খুলনা মঙ্গলবারে আরো ২৪৫ রান যোগ করে প্রথম ইনিংস শেষ করেছে। ৩১২ বল খেলে ১৬ টি চার ও দুটো ছয়ে ১৫১ রান করেছেন মানজারুল ইসলাম।
