শেষটা একেবারেই শুরুর মতো নয়
আশা এবং হতাশার যুগলবন্দী বাংলাদেশের ব্যাটিংয়ে বড়ো সংগ্রহের আশা জাগিয়ে শুরু হওয়া ইনিংসটা শেষপর্যন্ত ৪৯.২ ওভারে ২২০ রানে শেষ, হতাশারই তো।
যখন মনে পড়বে, মাত্র ১৯.৫ ওভারে শতরান পেরুনো দলটার দু’শ-র সীমা ছাড়াতে হয়েছে ৪৭.৩ ওভারে গিয়ে। তাও আবার এজন্য অনেকদিন পর মাশরাফি বিন মর্তুজার ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হয়েছে। কিথ দেবেংওয়া এবং এডওয়ার্ড রেইন্সফোর্ডকে মিড উইকেট দিয়ে মারা দুই ছক্কাসহ তার ২০ বলে অপরাজিত ২৩ রানের ইনিংসটা না হলে যে ২২০-ও হয় না বাংলাদেশের।
অথচ জিম্বাবুয়েকে গিলে ফেলে এই ম্যাচেই সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যের কথা বলার সময় ব্যাটসম্যানরা সবাই ফর্মে আছেন বলে দাবি করেছিলেন অধিনায়ক হাবিবুল বাশার। শাহরিয়ার নাফীস ও মেহরাব হোসেন জুনিয়র মিলে ৬৪ রানের ওপেনিং জুটি গড়ার পর মনেই হয়নি হাবিবুলের মুখরক্ষা হবে না। তাদের বিপক্ষে টানা তিন ম্যাচে অপরাজিত সেঞ্চুরির পর নাফীসকে আউট করার উপায় বের করতে মাথা কুটে মরছিল জিম্বাবুইয়ানরা। উইকেটটা তারা এমনি এমনি পেয়ে গেছেন বলা যাচ্ছে না। বরাবর দুর্দান্ত ক্যাচেই তাকে বধ করে আসছেন উতসেইয়ারা। এবার সাত বাউন্ডারিতে সাজানো ৩৪ বলে ৩৫ রানের ইনিংসটা শেষ হয়েছে লেগ গালিতে গ্যারি ব্রেন্টের ডানদিকে ঝাঁপিয়ে নেয়া ক্যাচে।
অন্যদের ব্যর্থতায় মোহাম্মদ আশরাফুলের জন্য মঞ্চ প্রস্তুত হয়েই ছিল। সাবধানেই এগুতে থাকা আশরাফুলকেও একসময় সময়ের দাবি মেটাতে বিগশটে যেতে হলো। কিন্তু এদিন কিথ দেবেংওয়ার বল উড়িয়ে মারার সময় নিশ্চয়ই ভাবেননি প্রায় ২০ গজ দৌড়ে এসে লং অনে এক হাতে ওরকম একটা অবিশ্বাস্য ক্যাচ ধরে ফেলবেন চিবাবা। ৩৬ রানে শেষ আশরাফুলের ইনিংস।
ওই দুটো ক্যাচেই পাওয়া গেছে সিরিজে ফিরতে মরিয়া জিম্বাবুইয়ানদের মাঝে উজ্জীবনী শক্তির খোঁজ।
কিন্তু এর মাঝে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটে ফর্মের খোঁজ কই! কয়েকটা চোখ ধাঁধানো শট খেলে উইকেট ছুঁড়ে দিয়ে আসার ‘আফতাব চরিত‘ ১৬তে শেষ এ ম্যাচেও। মিড অনে সহজ ক্যাচ তুলে দিয়ে এলেন অধিনায়ক (৩)। নিজের দ্বিতীয় ওয়ানডে ফিফটির দিকে এগুতে থাকা মেহরাব (৩৮) তার প্লেড অন হওয়ার জন্য বল নীচু হয়ে যাওয়াকে দায়ী করতে পারেন।
তবে কৃতিত্বের দাবীদার জিম্বাবুয়ের বোলাররাও। শুরুর ঝড়ের চোটে ৫ম ওভারেই বোলিংয়ে পরিবর্তন আনতে হয়েছিল জিম্বাবুয়ে অধিনায়ক উতসেইয়াকে। নিজের প্রথম স্পেলে ৪ ওভারে ২৮ রান দিয়ে ফেলা পেসার ক্রিস্টোফার এমপফুর দ্বিতীয় স্পেলটা ঈর্ষনীয়, ৪-০-৬-২। সবমিলিয়ে ৪২ রান ৪ উইকেট নিয়ে তিনিই সফলতম বোলার।
আর মিতব্যয়িতায় সেরা উতসেইয়া নিজে, ১০-১-২১-১। বাঁ-হাতি স্পিনারদের দিয়ে জিম্বাবুয়েকে ভুগিয়ে আসা বাংলাদেশও এবার এক বাঁ-হাতির কারণে কম অস্বস্তিতে ভোগেনি। ১৯ রানে ৩ উইকেট পাওয়া দেবেংওয়া যে বাঁ-হাতি স্পিনার।
আসলে নিজ দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি প্রতিপক্ষের বোলারদের সাফল্যের যুগলবন্দীও ছিল বাংলাদেশের ইনিংসে!
