২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতে গেছে অস্ট্রেলিয়া!

ম্যাচের তৃতীয় দিন জন বুকানন যখন জয়ের একটা ফর্মুলা বাৎলালেন, হাসি পেয়েছিল অনেকের। অস্ট্রেলিয়ার কোচ শুধু বলেছিলেন প্রথম ইনিংসে ৭০০ রান করে ইংল্যান্ডকে আবার ১৫০ রানের মধ্যে অলআউট করে দিতে পারলে অস্ট্রেলিয়ার জয় আর অসম্ভব কল্পনা থাকবে না।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Dec 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

অস্ট্রেলিয়ার জয় এখন আসলেই কোনো কল্পকাহিনী নয়। অ্যাডিলেড ওভালে শেন ওয়ার্নের ভেল্কি দেখে ম্যাকগ্রা, ব্রেট লিরাও জেগে ওঠায় ইংল্যান্ড অলআউট হয়ে গেছে মাত্র ১২৯ রানে! তারপর? ৩৬ ওভারে ১৬৮ রানের টার্গেটকে পাত্তা না দিয়ে ১৬ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে রিকি পন্টিংয়ের দল।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৮ রানে পিছিয়ে থাকার পর কারো মনে হয়নি এ ম্যাচে ড্র-র চেয়ে খারাপ কিছু ইংল্যান্ডের ভাগ্যে থাকতে পারে। চতুর্থ দিন শেষে ৯ উইকেট হাতে রেখে ইংল্যান্ড পেয়ে যায় ৯৭ রানের লিড। সবচেয়ে বেশি কল্পনাপ্রবন ক্রিকেট-লেখকও তখন অস্ট্রেলিয়া জিতবে এমন কথা লিখতে পারেননি। অথচ হয়েছে তাই।

দিনের শুরুতে একটু দুর্ভাগ্য সঙ্গী হয়েছিল ইংল্যান্ডের। নইলে প্যাডে লেগে যাওয়া বলে স্ট্রাউস কেন কট আউট হবেন? ওভাবে দিনের প্রথম সাফল্য পেলেও সারাক্ষণ ওয়ার্ন যেরকম বল করেছেন তাতে স্ট্রাউস আগে-ভাগে বিদায় নেওয়াকে সৌভাগ্য মনে করতেই পারেন। শেষদিনে ওয়ার্নের বোলিং মনে করিয়ে দিয়েছে ‘ওস্তাদের মার শেষ রাতে’ কথাটিকে। এমন কথা ওয়ার্নের মতো ম্যাচ-উইনারের ক্ষেত্রে একশ ভাগই খাটে। ইংল্যান্ড যে মাত্র ৬০ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসল তার মূল কারণ তো তিনিই। ৩২ ওভার বল করে ৪৯ রানে ৪ উইকেট নিয়েছেন টেস্ট ক্রিকেটের সফলতম বোলার ওয়ার্ন।

ম্যাকগ্রা, ব্রেট লি-ও সবসময় চাপে রেখেছেন ইংলিশ ব্যাটসম্যানদের। পুরস্কার হিসেবে দুজনই পেয়েছেন দুটো করে উইকেট। বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের দায়ীত্বজ্ঞানহীনতাও তাড়াতাড়ি ম্যাচ শেষ করার পেছনে ভূমিকা রেখেছে। ম্যাচ শেষে সে কথা শোনা গেছে অ্যান্ড্রু ফ্লিন্টফের মুখেও,“ আজকের একটা ঘন্টা বাদ দিলে এ ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। এক ঘন্টার জন্য একটু ঢিলেমি আর তার ফল যে কতো খারাপ হয় দেখে ফেললাম আমরা।” ব্রেট লি-র অফ স্টাম্পের বাইরের প্রায় ওয়াইড হতে যাওয়া বল মারতে গিয়ে ফ্লিনটফ যেভাবে কটবিহাইন্ড হয়েছেন বা ইয়ান বেল যেভাবে ২৬ রানের দায়িত্বশীল ইনিংসকে অর্থহীন করে দিয়ে রানআউট হয়েছেন তা ইংলিশ সমর্থকদের নিশ্চয়ই বহুকাল কষ্ট দেবে।

অস্ট্রেলিয়ার সমর্থকদের জন্য অ্যাডিলেড ওভালের এই টেস্ট শুধুই সুখস্মৃতির স্মারক। নিশ্চিত ড্রয়ের দিকে এগোনো ম্যাচ ভোজবাজির মতো জিতে সিরিজে ২-০-তে এগিয়ে গেছে তাদের দল, এ আনন্দ কি সহজে ভোলার!

ম্যাচ শেষে অধিনায়ক রিকি পন্টিংয়ের কন্ঠেও ঝরেছে স্বাভাবিক উচ্ছাস। উচ্ছাসের পাশাপাশি অবশ্য সতর্কতাও ছিল তার কথায়, “ এখনো আমাদের বহুদূর যেতে হবে। তবে এটা, শুরুটা আমাদের ভালোই হলো।” পাঁচ ম্যাচের সিরিজের এখনো তিনটি ম্যাচ বাকি। সুতরাং অস্ট্রেলিয়ার মতো পেশাদার দল এখনই আত্মতৃপ্তিতে ভুগে বিপদ ডেকে আনবে কেন?

কারো কারো সাময়িক ভুল যদি বিপদ ডেকে আনেও তা সামাল দেওয়ার সাধ্য আছে অস্ট্রেলিয়া দলের অনেকেরই। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ল্যাঙ্গার আর হেইডেন আউট হয়ে যাওয়ার পরও তাই জয় বের করতে কোনো সমস্যা হয়নি। সাম্প্রতিক সময়ে অহরহই যে দৃশ্য দেখা যাচ্ছে তারই পুনরাবৃত্তি করে শক্ত হাতে হাল ধরেন রিকি পন্টিং। সঙ্গে ছিলেন মাইক হাসি। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান পন্টিং আউট হয়ে যান ৪৯ রান করে। তারপর ডেমিয়েন মার্টিনও আউট। তারপরও সহজ জয়। কারণ? অস্ট্রেলিয়ানদের মুখে হাসি ফোটাতে মাইক হাসি তো ছিলেনই!

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস ৫৫১/৬ ডিক্লে. (কলিংউড ২০৬, পিটারসেন ১৫৮,স্টুয়ার্ট ক্লার্ক ৩/৭৫) ২য় ইনিংস ১২৯ (স্ট্রাউস ৩৪, বেল ২৬, কলিংউড ২২*, ওয়ার্ন ৪/৪৯, ম্যাকগ্রা ২/১৫, লি ২/৩৫, ক্লার্ক ১/২২)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৫১৩ (পন্টিং ১৪২, মাইকেল ক্লার্ক ১২৪, হাসি ৯১, গিলক্রিস্ট ৬৪, ওয়ার্ন ৪৩, হগার্ড ৭/১০৯) ২য় ইনিংস ১৬৮/৪ (হাসি অপরাজিত ৬১, ক্লার্ক অপরাজিত ২১, পন্টিং ৪৯, ফ্লিনটফ ২/৪৪)

ম্যান অব দ্য ম্যাচ : রিকি পন্টিং