মাশরাফির খেলা নিয়ে সংশয়
কাঁধের চোটের উপশম না হলে মঙ্গলবারের ম্যাচে না-ও খেলতে পারেন মাশরাফি বিন মর্তুজা। সেই কথা মনে রেখেই কর্মকর্তারা দল ঘোষণার সময় ১৩ জনের নাম বললেন।
জিম্বাবুয়ে সিরিজে ম্যাচের আগেই একাদশ ঠিক করাটাকে নিয়ম করে নিয়েছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে আগের দিন ঘোষণা করা হয় ১২ জনের নাম।
সোমবারও তার ব্যতিক্রম ঘটেনি। অধিনায়ক হাবিবুল বাশার শহীদ চান্দু স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে এসে জানিয়ে দিলেন, সিরিজের দ্বিতীয় ম্যাচের ১২ জন থেকেই কালকের ম্যাচের একাদশ বেছে নেয়া হবে। তবে একটু পরে এসে একটা সংশোধনীও দিয়ে গেলেন। সেটা এমন, কাল সিরিজের তৃতীয় ম্যাচের একাদশ হবে ১৩ জনের মধ্য থেকে। যোগ হয়েছেন পেসার সৈয়দ রাসেল।
সিরিজের দ্বিতীয় ম্যাচের সময় বোলিং করতে গিয়ে চোট পেয়েছেন দলের মূল স্ট্রাইক বোলার মাশরাফি বিন মর্তুজা। সেদিন নিজের শেষ ওভারটা করার সময় ডান কাঁধে ব্যথা অনুভব করেন তিনি। দিবা-রাত্রির ম্যাচ শেষে হোটেলে ফিরে আর তেমন কোনো সমস্যা না হলেও সোমবার সকালে ঘূম থেকে ওঠার পরই বোলিং কাঁধের চোট অস্বস্তি বাড়াচ্ছিল তার। এ কারণে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করা হয়নি । অবশ্য অনুশীলন খালেদ মাসুদও করেননি। তবে তিনি স্রেফ বিশ্রাম নিয়েছেন। আর মাশরাফিকে অনুশীলনে ছাড় দেয়ার কারণ টিম ম্যানেজমেন্টের কোনো ঝুঁকিতে যেতে না চাওয়া। তবে অধিনায়ক জানাচ্ছেন,“আমরা শেষমুহূর্ত পর্যন্ত মাশরাফির জন্য অপেক্ষা করবো। দলের ফিজিও বলেছেন ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে ও। তারপরও যদি দেখা যায় ঝুঁকি আছে, তাহলে আমরা ওকে খেলাবো না।” সেক্ষেত্রে ফরহাদ রেজা ও সৈয়দ রাসেলের মধ্য থেকে একজনকে বেছে নেবে বাংলাদেশ তৃতীয় ম্যাচের জন্য।
১৩ জনের দল
শাহরিয়ার নাফীস, মেহরাব হোসেন জুনিয়র, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, হাবিবুল বাশার, সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, খালেদ মাসুদ, মাশরাফি বিন মর্তুজা, ফরহাদ রেজা এবং সৈয়দ রাসেল।
