তৃতীয় ম্যাচেই সিরিজের নিষ্পত্তি চায় বাংলাদেশ
জেমস বন্ড দেখার পরামর্শ দিলেন হাবিবুল বাশার। পরামর্শটা তাদের, যারা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ‘থ্রিলিং‘ কিছু দেখতে না পাওয়ার হতাশা একটু হলেও পুষে বেড়াচ্ছেন।
দু ম্যাচে তো কোনো প্রতিদ্বন্দ্বিতারই অবকাশ রাখেনি বাংলাদেশ। অনায়াসেই সিরিজে ২-০ তে এগিয়ে যাওয়া দলের অধিনায়ক সিরিজের বাকি ম্যাচগুলোতেও একইরকম ‘নিষ্ঠুরতা’ দেখাতে চান প্রোসপার উতসেইয়ার দলের বিপক্ষে। আগামীকাল বগুড়াতেই অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ম্যাচের আগে তার সেই তাড়নাটা একটু বেশী হওয়ার কারণ, “দুটো ম্যাচ খুব ভালোভাবে জিতেছি আমরা। আমাদের মূল লক্ষ্য কিন্তু সিরিজ জেতা। আর সেটা আমরা কালকেই নিশ্চিত করতে চাই।”
এখানেই চলে আসছে ‘নিষ্ঠুর‘ শব্দটা ব্যবহারের প্রাসঙ্গিকতা,“আমি অতো থ্রিল চাই না। আপনারা যদি আমাকে কোনো বেছে নিতে বলেন, আমি এভাবেই ম্যাচ জিততে চাইবো। ভালোভাবে ম্যাচ জেতা এটাও প্রমাণ করে যে আমরা ভালো ক্রিকেট খেলছি। আমি চাই ওদের ফিরে আসার সুযোগ না দিতে। আমরা একটু খারাপ খেললেই ওরা ফিরে আসবে।”
এবার অবশ্য বাংলাদেশের সামনে ফেরা-ফেরির কোনো ব্যাপার নেই। দু দলের সর্বশেষ দুটো সিরিজের কথা মনে করুন। ২০০৫ সালে দেশের মাটিতে সিরিজের তৃতীয় ম্যাচ খেলার আগে ০-২-এ পিছিয়ে থেকে ফেরার সংগ্রামের কথাই ভাবতে হয়েছিল বাংলাদেশকে। এবছর জিম্বাবুয়েতে অবস্থাটা তার চেয়ে একটু ভালো ছিল। তবে ১-১-এর সমতা নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামা বাংলাদেশ ম্যাচ তো বটেই, খুঁইয়ে এসেছিল সিরিজটাও। এবারের অবস্থাটা তাই হাবিুবলের চোখে এমন, “অবশ্যই অনেক স্বস্তির। সবচেয়ে স্বস্তিদায়ক হচ্ছে, দলের সবাই খুব ভালো ফর্মে আছে। এই যেমন গতকালের ম্যাচ খেলা হয়েছে ফ্ল্যাট ট্র্যাকে। তাতেও বোলাররা ভালো বোলিং করে ওদেরকে ২১৭ রানে বেঁধে রেখেছিল। ব্যাটসম্যানরা সবাই রান করছে। আসলে সবাই এখন খুব ভালো ক্রিকেট খেলছে।”
ভালোভাবে ম্যাচ জিতলে সেটা প্রমাণ হয়ই। হাবিবুল নিজেও তাই বলছিলেন। কিন্তু সর্বশেষ দুই সিরিজে বাংলাদেশ আর জিম্বাবুয়ের নিজ নিজ দেশে জেতার তথ্য কি এটাই প্রমাণ করে না যে, এ দুদলের সাফল্য হোমগ্রাউন্ডের ওপরই নির্ভর করে থাকে অনেকটা ? বাংলাদেশ অধিনায়ক তা মানলেন না। এর ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিশ্রুতি এবং বেদনার সহাবস্থান তার কথায়, “আমি নিশ্চিত আমরা যখন আবার জিম্বাবুয়েতে যাবো, তখন আপনাদের এই প্রশ্নের জবাবটা পাল্টে দিতে পারবো। জিম্বাবুয়েতে গিয়ে খেলা সিরিজটা একটু দুর্ভাগ্যজনক ছিল আমাদের জন্য। ছোটো কিছূ ভুলের জন্যই সিরিজটা হেরে গিয়েছিলাম । এখন আমাদের দল অনেক পরিণত এবং দলের জয়ে অনেকেই অবদান রাখছে।”
জিম্বাবুয়েতে আরেকবার যাওয়ার আগে এবার যে দেশের মাটিতে অনায়াসে তাদের নিধনযজ্ঞ শুরু করেছেন তাতে প্রতিপক্ষেরও অবদান আছে কিনা, এমন প্রশ্নও তুললেন কেউ কেউ। মানে জিম্বাবুয়েকে দুর্বল দলের আখ্যাই দিতে চাইলেন। এখানেও হাবিবুলের আপত্তি, “আসলে আমরা এখন অনেক ভালো ক্রিকেট খেলছি বলেই আপনাদের এমন মনে হচ্ছে।” মঙ্গলবার তৃতীয় ম্যাচে আরেকবার এমনটি মনে করিয়েই সিরিজের নিষ্পত্তিটা চান বাংলাদেশ দলের সবাই।
তবে প্রোসপার উতসেইয়া মনে করেন না কাল বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত করাটা এত সহজ হবে। তৃতীয় ম্যাচে তার দলও সামর্থ্যরে শেষ বিন্দু দিয়ে লড়বে বলে জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক, “সিরিজে ফিরতে হলে আমাদের জন্য তো জয়ের কোনো বিকল্প নাই। এ সিরিজে এখনো অবশ্য আমরা ব্যাটিং, বোলিং কোনোটাই ভালো করতে পারিনি। তবে আমরা যে ক্রিকেট খেলছি তার চেয়ে ভালো খেলার সামর্থ্য রাখি। কালকের ম্যাচে সেরা খেলাটাই খেলতে চাই।”
কাল আগের ম্যাচের সবাই বোধহয় বাংলাদেশ দলে থাকছেন না। কারণ মাশরাফি বিন মর্তুজার চোট। সোমবার অনুশীলনের সময়ও জানানো হয়েছে তার জন্য শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবে দল। কিন্তু স্থানীয় একজনের লাঞ্চের নিমন্ত্রণ বিলম্বে রক্ষা করতে গিয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের অন্যরকমই জানালেন হাবিবুল,“ফিজিও পল ক্লোজের সঙ্গে কথা হয়েছে। তিনি বললেন,‘মাশরাফির ম্যাচের আগে পুরো ফিট হওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি।‘ ঝুঁকি নিতে চাইলে নাকি ওকে খেলানো যাবে।” মাশরাফিকে যদি খেলানো সম্ভব না হয়, তাহলে বা-হাতি পেসার সৈয়দ রাসেল এবং ফরহাদ রেজার মধ্য থেকে একজনকে বেছে নেবে বাংলাদেশ। দল সংশ্লিষ্ট সূত্রের খবর-এক্ষেত্রে রাসেলই এগিয়ে আছেন। তবে মাশরাফিকে না পেলেও সহজ জয়ের লক্ষ্য থেকে বিচ্যুত হবে না বাংলাদেশ। তাতে ‘থ্রিলিং‘ কিছু না দেখতে পেয়ে কেউ হতাশ হলে কাজে লাগান হাবিবুলের পরামর্শ এবং চোখ রাখুন স্টার মুভিজে। ওই চ্যানেলেই তো এখন ঘনঘন জেমস বন্ড দেখানো হয়!
