২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় ওয়ানডেতেও বাংলাদেশের জয়, জিম্বাবুয়ে ২১৭/৭, বাংলাদেশ ২১৮/৪

জহীর আব্বাস, সাঈদ আনোয়ার এবং হার্শেল গিবসদের সঙ্গী হওয়ার হাতছানি ছিল তার সামনে। আর তা ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের অংশীদার হওয়ার। ওই গ্রেটদের সঙ্গে শাহরিয়ার নাফীসের নাম উচ্চারিত হওয়াকে যখন কেবলই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল, তখনই ঘটলো ছন্দপতন।

ক্রীড়া প্রতিবেদক

মাসুদ পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 10:36 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এলটন চিগুম্বুরার বলে পয়েন্টে শন উইলিয়ামসের দুর্দান্ত ডাইভিং ক্যাচে পরিণত হওয়ার আগে অবশ্য ঠিকই শহীদ চান্দু স্টেডিয়ামে ‘আবীর‘ ছড়িয়েছে তার ব্যাট। গত কিছুদিন বাংলাদেশের ব্যাটিংয়ে ধারাবাহিকতার মূর্ত প্রতীক হয়ে থাকা এই ওপেনার মেহরাব হোসেন জুনিয়রকে সঙ্গে নিয়ে ১০৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে জয়ের ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন। তার ওপর দাঁড়িয়ে ২১৭ রানের টার্গেট তাড়া করে ৭ দশমিক ২ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় সিরিজ জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে দিয়েছে বাংলাদেশকে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ এখন ২-০ তে এগিয়ে।

মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচের আগেও নাফীসের ব্যাটিং দলকে উজ্জীবিত করবে নিশ্চয়ই। ৬৮ বলে ৬৭ রানের ইনিংসে বাউন্ডারির ফোয়ারাও ছুটিয়েছিলেন। ১০ টির বেশির ভাগই ছিল চোখ ধাঁধানো। মাত্র ২১ ওভারেই ১০৪ রানের ওপেনিং পার্টনারশিপের পর জয়ের বন্দরে নোঙ্গর ফেলার জন্য আর উচ্চাভিলাষী হওয়ার দরকার ছিল না। সেজন্যই বোধ হয় মেহরাবের (৫৪) প্রথম ওয়ানডেতে ফিফটি করতে লেগেছে ১০৮ বল।

আফতাব আহমেদ (১২) দ্রুত ফিরে গেলেও মেহরাব আর সাকিব মিলেই বাকি কাজটা সেরে দেওয়ার অঙ্গীকার নিয়েই নেমেছিলেন। মেহরাব পয়েন্টে ঠেলার পর আগবাড়িয়ে রানের জন্য না দৌঁড়ালে হয়তো মাত্র ২৮ বলে ৩৬ রানের ঝড় তোলা সাকিবও পেয়ে যেতেন তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। এরপর অধিনায়ক হাবিবুল বাশার যেন যতো দ্রুত সম্ভব ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। তার ২৭ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসে সেই উদ্দেশ্য অনেকখানি সফল হয়েছে বলা যায়।

অবশ্য ম্যাচটাও সাফল্য দিয়েই শুরু হয়েছিল তার। সন্ধ্যায় ‘ডিউ ফ্যাক্টর’ বাঁধা হয়ে দাঁড়াতে পারে, এটা জানাই ছিল। তাই বগুড়ায় একটেল সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের আগে ভাগ্যের আনুকুল্যও আশা করেছিল বাংলাদেশ। আর সে কারণেই টসে জেতার পর আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত তো আগেই নেওয়া ছিল। জিম্বাবুয়ে এবার সিরিজের প্রথম ম্যাচের মতো অলআউট হয়নি ঠিকই। তবে নির্ধারিত ৫০ ওভারে তাদের ইনিংস ৭ উইকেটে ২১৭ রানে গিয়ে ঠেকার পর আবারও বাংলাদেশের স্পিনারদের ঠেকানোর উপায় খুঁজে না পাওয়া নিয়ে হাপিত্যেশ করেছে নিশ্চয়ই। কেননা রফিক-রাজ্জাক-সাকিবদের জন্যই তো তাদের আরো দূর যাওয়ার স্বপ্নপূরণ হয়নি।

বাংলাদেশ সফরে আসার পর থেকেই জিম্বাবুয়ের অধিনায়ক প্রোসপার উৎসেয়া অবলীলায় স্বীকার করলেন, হাবিবুল বাশারের দলের স্পিনকেই তাদের বড়ো ভয়। সেই ভীতি আরো চড়াতেই ম্যাচের নবম ওভারে স্পিন নিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক। যদিও সাফল্যের হিসেবে স্পিনারদের এই ম্যাচের পারফরম্যান্স প্রথম ওয়ানডের সমানুপাতিক ছিল না। সেই ম্যাচে স্পিনাররা ৮ উইকেট তুলে নিলেও কাল নিয়েছেন চারটি। কিন্তু এক পর্যায়ে অনেক বড়ো হবে বলে মনে হওয়া জিম্বাবুয়ের ইনিংসের রানের রাশ টেনে ধরেছেন তারাই। আর যার ব্যাটে চড়ে বহুদূর যাওয়ার স্বপ্ন দেখছিল প্রোসপার উৎসেয়ার দল, সেই শিন উইলিয়ামসকে (৬১) শিকার বানানো মোহাম্মদ রফিকের বোলিং ফিগারটা বরাবরের মতোই ঈর্ষণীয়, ১০-২-৩৪-২। তার মতোই বাঁহাতি স্পিনার রাজ্জাকও খরচ করেছেন ৪০-এরও কম। সেক্ষেত্রে বাংলাদেশের বাঁ হাতি স্পিনার ত্রয়ীর শেষজন সাকিব আল হাসান ৪৪ রান দিয়ে ফেললেও পুষিয়ে দিয়েছেন অন্য জায়গায়। চামুনোরওয়া চিবাবা (৩১ ) ও হ্যামিল্টন মাসাকাদজা (৪১)-জিম্বাবুয়ের ইনিংসে আর উল্লেখ করার মতো ইনিংস ওই দুজনেরই। দুজনই আবার সাকিবের শিকার। জিম্বাবুয়েতে তার এক ওভারে ১৮ রান নিয়ে দলকে জিতিয়ে মাশরাফি বিন মর্তুজাকে দুঃস্বপ্ন উপহার দেওয়া ব্রেন্ডন টেলরকে টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচে আউট করেছিলেন বাংলাদেশের সেরা পেসার। কিন্তু সেটা তো তার জ্বালা জুড়ানোর জন্য যথেষ্ট ছিল না। খুলনার পর এখানেও টেলরের উইকেট না পেলেও অল্পতেই তাকে ফেরানোর ক্ষেত্রে অবদান আছে মাশরাফিরও। থার্ডম্যানে টেলরের (১) ক্যাচ নিয়েছেন। আর সেটা ছিল মাশরাফির ওপেনিং পার্টনার শাহাদাত হোসেনের প্রথম বল। শুরুর এই স্বস্তিটা ম্যাচের শেষেও ছিল। সৌজন্যে নাফীসের ওরকম ব্যাটিং। রেকর্ড হলো না তাতে কী। দলের জয়ে অবদান রাখতে পারাকেই যে সবসময় বড়ো করে দেখেন ‘আবীর‘। বলা হয়নি আবীর নাফীসের ডাক নাম। আর সহজেই কুপোকাৎ এ জিম্বাবুয়ে দলের শন উইলিয়ামসের ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়াটা নেহাতই সান্ত্বনার।