২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার এড়ানোর পথে অস্ট্রেলিয়া?

কদিন আগে শেষ হওয়া পাকিস্তান ওয়েস্ট-ইন্ডিজ সিরিজের অন্য নাম হয়ে গেছে মোহাম্মদ ইউসুফের সিরিজ। অ্যাশেজ যেভাবে এগোচ্ছে তাতে এ সিরিজের নাম কি হবে? পল কলিংউডের নাকি রিকি পন্টিংয়ের সিরিজ?

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

অ্যাডিলেডে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে অস্ট্রেলিয়ান অধিনায়ক অবশ্য শুধু চলতি সিরিজ নয়, ক্রিকেট ইতিহাসেই নিজের নাম আরো অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছেন। ইংল্যান্ডের ৫৫১ (৬ উইকেটে ডিক্লে.) রানের জবাবে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ৩১২।

অস্ট্রেলিয়া এখনো ম্যাচ জিততে পারে-দ্বিতীয় দিন শেষে এমন এক মন্তব্য করে চমকে দিয়েছিলেন বুকানন। পরের দিন অস্ট্রেলিয়ার কোচকেই বোধহয় জবাব দিলেন ম্যাথু হগার্ড। ইংলিশ পেসার ব্যাটসম্যানদের স্বর্গ মনে হতে থাকা পিচে সারাক্ষণ চোখ রাঙ্গিয়েছেন ব্যাটসম্যানদের, উইকেট পেয়েছেন চারটি (৪/৭৬)।

বুকানন অবশ্য একটা হিসেব দেখিয়েই আশাবাদী করতে চেয়েছিলেন সমর্থকদের। তার হিসেবটা কাগজে-কলমে খুব কঠিনও নয়। প্রথমে ৭০০+ রান করো, তারপর ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে শেষ করে দাও ১৫০ রানের মধ্যে। ব্যাস! তারপর মুড়ি-মুড়কি খেতে খেতে ম্যাচ শেষ করে আসবেন পন্টিংয়েরা।

প্রথম ইনিংসে কোচের আশা (!) পূরণের গুরুদায়িত্ব এখন মাইকেল ক্লার্ক আর অ্যাডাম গিলক্রিস্টের। ক্লার্ক দিন শেষ করেছেন ৩০ রান নিয়ে আর গিলক্রিস্টের নামের পাশে লেখা ছিল ১৩ ।

অস্ট্রেলিয়াকে জেতানো তো পরের কথা, হার এড়াতে হলেও লড়তে হবে তাদের।

সকালে পন্টিং আর হাসি যেভাবে ব্যাট করেছেন চতুর্থ দিনের সকাল ঠিক সেভাবে ক্লার্ক-গিলক্রিস্টের হলে সেটা খুব সহজেই সম্ভব। ব্রিসবেনে ১৯৬ ও অপরাজিত ৬০ রানের দুর্দান্ত দুটো ইনিংস খেলা পন্টিং কাল আবার চিনিয়েছেন ব্যাটসম্যান হিসেবে নিজের জাতটা। ৩৩ তম সেঞ্চুরি করে ফেলায় সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় এখন তার নাম টেন্ডুলকার (৩৫), গাভাস্কার আর লারার (৩৪) পরেই।

অধিনায়কের সঙ্গে ১৯২ রানের জুটি গড়ে মাইক হাসিও চলে গিয়েছিলেন সেঞ্চুরির খুব কাছে। দুর্ভাগ্য তার। সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতে তাকেও বেছে নেন হগার্ড।

বোলিংয়ে তৃতীয় দিনটি ছিল শুধু হগার্ডের। সারাদিনে আউট হওয়া চার ব্যাটসম্যান হেইডেন,পন্টিং, মার্টিন আর হাসি তারই শিকার।

চতুর্থ দিনেও হগার্ড উইকেটে আগুন ঝরিয়ে গেলে কি হবে কে জানে!

হগার্ড নিজে অবশ্য এই ম্যাচ নিয়ে একটা ভবিষ্যৎ বানী করেই রেখেছেন। তার কথায়, “ এ ম্যাচে অস্ট্রেলিয়া বড়জোর ড্র করতে পারবে।”