২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশা ভাঙ্গলেন আসিফ

দোহায় এশিয়ান গেমসে শনিবার আসিফ হোসেন খান চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় শ্যূটিং-এ বাংলাদেশের স্বপ্ন ভেঙ্গে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 10:50 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এশিয়ার বৃহত্তম এই ক্রীড়া আসর শুক্রবার থেকে শুরু হয়েছে।

পুলিশের নির্যাতনের কারণে এক মাস প্রশিক্ষণের বাইরে থাকা আসিফ তাঁর প্রিয় ১০ এমএম এয়ার রাইফেল (একক) ইভেন্টে চূড়ান্ত পর্বের আট জনের তালিকায় নাম তুলতে ব্যর্থ হয়েছেন। মোট ৪৯ শ্যূটারের মধ্যে তিনি হয়েছেন ১৪ তম।

কমনওয়েলথ গেমসে স্বর্ণ বিজয়ী আসিফ ৬০০-এর মধ্যে ৫৮৮ স্কোর করেন। ভারতের রঘুনাথ ৫৯২ স্কোর করে অষ্টম ব্যাক্তি হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছেন।

বাংলাদেশের অপর দুই প্রতিযোগী মোহাম্মদ হোসাইন ইমাম (৫৮৫) এবং অঞ্জন কুমার সিং (৫৬৪) স্কোর করে যথাক্রমে ২৪ ও ৪৪ তম স্থান দখল করেন।

পূরুষদের ১০ এমএম এয়ার রাইফেল দলগত ইভেন্টে বাংলাদেশ ১৭৩৭ পয়েন্ট সংগ্রহ করে ১৪ টি দেশের মধ্যে ১১ তম হয়েছে।

দলগত ইভেন্টে ১৭৮৬ পয়েন্ট সংগ্রহ করে চীন স্বর্ণ এবং দক্ষিণ কোরিয়া ও ভারত যথাক্রমে রূপা ও ব্রোঞ্জ জয় করে।

গত বছরের রূপা জয়ী বাংলাদেশ কাবাডি দল দোহার আল আসপির হলে শনিবার ভারতের কাছে ২১-৪০ পয়েন্টে পরাজিত হয়। এদিকে পাকিস্তান ৩৪-১৬ পয়েন্টে জাপানকে পরাজিত করে।

মহিলাদের ১০ এমএম এয়ার রাইফেল ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিযোগী শারমিন সুলতানা ও সুরাইয়া আক্তারও বাছাই পর্ব পার হতে ব্যর্থ হয়েছেন। ৫৪ প্রতিযোগীর মধ্যে তাঁরা দুজন যথাক্রমে ৩১ ও ৫৪ তম স্থান দখল করেন। মোট ৪০০ পয়েন্টের মধ্যে শারমিন ও সুলতানার স্কোর ছিল যথাক্রমে ৩৮৮ ও ৩৮২।

সাঁতারু ডলি আক্তার ৫০ মিটার ব্রেকস্ট্রোকে ৩৬ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে ১৬ তম হন।