২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ফুটবল প্রতিভা খুঁজবে ইংল্যান্ডের এবিএ

এদেশের ফুটবলের মানোন্নয়ন ও ফুটবল প্রতিভা অন্বেষণে কয়েক মাস ধরেই ‘সংলাপ’ চলছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ইংল্যান্ডভিত্তিক ক্রীড়া উন্নয়ন বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এবিএর মধ্যে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 08:46 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

অবশেষে সে সংলাপের ঐকমত্যে পৌঁছাতে পেরেছে দুই পক্ষ। পাঁচ বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি।

শনিবার বাফুফে ভবনে এ চুক্তিতে স্বাক্ষর করেন বাফুফে সভাপতি এসএ সুলতান ও এবিএর ব্যবসা সম্প্রসারণ ও অর্থবিষয়ক পরিচালক ব্রায়ান ও’হির।

চুক্তির প্রথম বছরেই ১৫ থেকে ২১ বছরের বাংলাদেশী ফুটবলারদের মধ্য থেকে প্রতিভাবান চারজনকে বাছাই করবে এবিএ। এদেরকে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ করে দেবে তারা।

ব্রায়ান ও’হিরের বিশ্বাস বাংলাদেশে ফুটবল প্রতিভার অভাব নেই।

“আমি বিশ্বাস করি না এদেশে ফুটবল প্রতিভা নেই। এদেশের জনসংখ্যা অনেক, তাই এখানে অবশ্যই ফুটবল প্রতিভা আছে, তাদের এখন শুধু খুঁজে বের করতে হবে,” বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন ব্রায়ান।

খোঁজার কাজটা করবে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সঙ্গে নিয়েই।

আগামী বছর মে মাসে ওল্ডহামের প্রথম বিভাগ ফুটবল দল বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসবে। আর তখন থেকেই শুরু হবে প্রতিভা অন্বেষণের কাজ। তবে তার আগে ফুটবল ফেডারেশনে নিজেদের কোচ দিয়েই ফুটবলারদের একটা তালিকা তৈরি করিয়ে নেবে এবিএ। সেখান থেকেই মূলত বাছাইয়ের কাজটা করবে তাদের কোচিং টিম।

“এদের মধ্যে যাদের মান খুব ভাল দেখবো তাদেরই ইংল্যান্ডে নিয়ে যাব। আশাকরি চার/পাঁচজন ফুটবলার পাব আমরা,” বলেন ব্রায়ান।

বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালও আশাবাদী।

“আমাদের দেশে প্রতিভাবান ফুটবলার অবশ্যই আছে। এ প্রক্রিয়ার মাধ্যমেই তারা বের হয়ে আসবে,” বলেন তিনি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফে উপ-সম্পাদক মঞ্জুর হোসেন মালু, এবিএর বাণিজ্য ও বিপণন ব্যবস্থাপক সৈয়দ আকতার হোসেইন ও ওল্ডহাম অ্যাথলেটিকের স্কাউট অফরুজ আলী।