২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু

সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার টুয়েন্টি২০ প্রীতি ম্যাচে সফরকারীরা হেরে যায় ৪৩ রানে।

স্বাগতিকদের ১৬৬ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে গিয়ে ৯ উইকেটে হারিয়ে ১২৩ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

শাহাদত হোসেন রাজীব ও মাশরাফি বিন মোর্তাজা তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে ড্রেসিং রুমে ফেরত পাঠালে শুরুতেই ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। তখন তাদের রান ছিল চার ওভারে ৩ টি উইকেটে ২৫।

এরপর তিন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক এবং শাকিব আল হাসানের ঘূর্ণী বলে ভেঙ্গে পড়ে জিম্বাবুয়ের মিডল অর্ডার।

আব্দুর রাজ্জাক ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট এবং রফিক ও সাকিব প্রত্যেকে একটি করে উইকেট নেন।

স্বাগতিকদের মধ্যে সিন উইলিয়ামস ৩৯ বলে ৩৮ রান করেন। হ্যামিলটন মাসাকাদজা করেন ২৪ বলে ৩৫। একটি ছয় ও ৪ টি চারে সাজানো ছিলো তার এই নান্দনিক ইনিংস।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং-এ পাঠায় সফরকারীরা। ১ বল বাকি থাকতেই ১৬৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশীরা। ২৬ বল খেলে সর্বোচ্চ ৩৬ রান করেন মাশরাফি।

ইনিংসের শুরুতে মাত্র ৪ রানের মাথায় তৃতীয় বলে জি ব্রেন্টের বলে উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুস সাদাত আউট হয়ে যান। কিন্তু অধিনায়ক শাহরিয়ার নাফিস ও আফতাব আহম্মেদ জিম্বাবুয়ে বোলারদের উপর চড়াও হয়ে এই ক্ষতি পুষিয়ে দেন।

চিগুম্বুরার বোলে আউট হওয়ার আগে নাফিস ও আফতাব দ্বিতীয় উইকেট জুটিতে ৩০ বলে ৫৩ রান যোগ করেন। নাফিস ১৭ বলে করেন ২৫। তিনি তার ইনিংসটি সাজিয়েছেন ১ টি ছয় ও ৩ টি চার দিয়ে।

পরে জিম্বাবুয়ের অধিনায়ক প্রসপার উৎসেয়া আফতাব (২৮), নাদিফ চৌধুরী (১০) এবং ফরহাদ রোজার (৭) উইকেট তিনটি তুলে নিলে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ দল । তখন বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ৯৪।

আট নম্বরে ব্যাট করতে নেমে মাশরাফি স্পিনার মোহাম্মদ রফিককে নিয়ে আবারো জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন। রফিক মাত্র ৫ বলে ৪ টি চারের সাহায্যে ১৩ রান করেন।

সপ্তম উইকেটে সাকিব আল হাসান (জুনিয়র) ধৈর্য্যরে পরিচয় দিয়ে ২৮ বলে ২৬ রান করেন। তার ইনিংসে ২টি চারের মার ছিলো।