২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাপেলের বিরুদ্ধে ভারতজুড়ে ক্ষোভ

ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ৯১ রানে ধরাশায়ী হওয়ার পর আবার যেন উত্তাল হয়ে উঠেছে গোটা ভারত। দেশটি জুড়ে বিক্ষোভ চলছে কোচ গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা চ্যাপেলের কুপপুত্তলিকাও পুড়িয়েছে। সঙ্গে আওয়াজ তুলেছে সৌরভকে ফেরানো হোক। শুধু পশ্চিমবাংলাতেই নয়, মুম্বাইয়েও জোড়ালো দাবি ওঠেছে সৌরভকে ফেরানোর।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Nov 2006, 02:31 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

ডারবানে ভারতীয় দলের দুর্দশায় নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। সমস্যা কোথায় তা খতিয়ে দেখতে ‘ভারতীয় দলের নির্বাচকমণ্ডলী’র প্রধান দিলীপ বেঙ্গসরকারকে তড়িঘড়ি দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে। বোর্ডের অন্যতম সহ-সভাপতি শশাঙ্ক মনোহর দাবি তুলেছেন, ‘এই ন্যাক্কারজনক পরফরমেন্সের পর ক্রিকেটারদের এক টাকাও দেওয়া উচিত নয়।’

ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি শারদ পাওয়ার সাবেক অধিনায়ক বেঙ্গসরকারকে পাঠানো প্রসঙ্গে বলেন, ‘বেঙ্গসরকার এক অভিজ্ঞ লোক। বর্ণময় ক্রিকেট অতীত তার আছে। কোথাও একটা সমস্যা হচ্ছে। কোচ ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তিনি তা সমাধানের চেষ্টা করবেন।’

এর আগের দিন গ্রেগের খামখেয়ালিপনার সমালোচনা করেন পশ্চিমবাংলার রাজনীতিকরা। সাংসদ বৃন্দা কারাত দাবি তোলেন, সৌরভ গাঙ্গুলিকে দলে ফেরানো হোক। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখের কথা, পরফরমেন্সের দোহাই দিয়ে সৌরভকে বারবার বাদ দেওয়া হচ্ছে। এ ধরণের অন্যায় চলতে পারে না। রেকর্ডের ভিত্তিতেই সৌরভকে দলে ফেরার সুযোগ দেওয়া উচিত।’

গ্রেগ চ্যাপেলকেও তিনি ছেড়ে কথা বলেননি। বলেন, ‘লাগাতার এ রকম ফলের পরও কোন পরিবর্তন নেই! এ সব চলতে পারে কী না তা নিয়ে বিসিসিআইকে ভাবতে হবে।’

সৌরভকে ফেরানোর দাবি অমর সিংয়ের কণ্ঠেও। তিনি বলেন, ‘নিজের যোগ্যতাতেই ফেরানো হোক সৌরভকে। ওকে আর বাইরে রাখা উচিত হচ্ছে না।”

এদিকে, বিশ্বকাপের আগে চ্যাপেলকে বাদ দেওয়ার কোন সিদ্ধান্ত বোর্ডের নেই জানিয়ে দিয়েছেন সভাপতি পাওয়ার। তিনি বলেন, যেহেতু বোর্ড আগেই বিশ্বকাপ পর্যন্ত চ্যাপেলের সঙ্গে চুক্তি করেছে তাই এখনই তাকে সরানো হয়তো হবে না।’